নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বি এন বসু হাসপাতালে তৈরি হচ্ছে ‘কিড জোন’। যেখানে শিশুদের খেলার সরঞ্জাম থাকবে। শিশুরা নিজেদের মতো থাকতে পারবে। খেলাধুলো করতে পারবে। সেই জোনে বাঁটুল দি গ্রেট, মোটু পাতলু, হাঁদাভোঁদা সহ প্রায় সমস্ত ধরণের কমিকসের চরিত্র আঁকা হয়েছে। ওই হাসপাতালে চারতলায় শিশু বিভাগের মধ্যে এই বেবি জোন বা কিড জোন তৈরির কাজ চলছে। খুব শীঘ্র কাজ শেষ হয়ে যাবে।
বি এন বসু হাসপাতালকে সংস্কারের কাজের জন্য স্বাস্থ্যদপ্তর ২ কোটি টাকার বেশি দিয়েছে। সেই টাকায় সংস্কারের কাজ চলছে। ৭০ বছরের পুরানো হাসপাতালের বিল্ডিংটি নতুন করে সাজানো হয়েছে। প্রায় ৯৫% কাজ শেষ। নতুন সিটি স্ক্যান মেশিন বসেছে। তৈরি হচ্ছে ব্লাড কম্পনেন্ট সেপারেট ইউনিট। বসানো হয়েছে নতুন লিফট। মেঝের সিমেন্ট তুলে দিয়ে টাইলস বসানো হয়েছে। শুক্রবার বিকেলে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক রাজ চক্রবর্তী হাসপাতালের কাজকর্ম ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন হাসপাতালে সুপার সঞ্জয় গুহ সহ হাসপাতালের কর্মকর্তারা। ইমারজেন্সি বিভাগের ডাক্তাররা বিধায়ককে সংস্কারের কাজকর্ম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এখন রোগী দেখা বা চিকিৎসার ক্ষেত্রে অনেক সুবিধা হচ্ছে। রাজ চক্রবর্তী তাঁদের বলেন, ভালো পরিবেশে কাজ করলে ‘পজিটিভ এনার্জি’ পাওয়া যায়। আগামী দিন শীতাতপ নিয়ন্ত্রিত করা হবে। নিজস্ব চিত্র