শ্রীনগর: এক্স (পূর্বতন টুইটার) প্রোফাইল থেকে ‘হুরিয়ত’ সংক্রান্ত পরিচিতি সরিয়ে নিলেন বিচ্ছিন্নতাবাদী নেতা তথা কাশ্মীরের মৌলবীদের প্রধান মিরওয়েইজ ওমর ফারুক। এর ফলে তাঁর এক্স প্রোফাইলে অল পার্টিজ হুরিয়ত কনফারেন্সের (এপিএইচসি) চেয়ারম্যান পদের উল্লেখ আর রইল না। নিজের এই পদক্ষপেকে হবসন’স চয়েস বলে উল্লেখ করেছেন ফারুক। অর্থাৎ, প্রবল চাপের মুখে এছাড়া অন্য আর কোনও রাস্তা তাঁর সামনে খোলা ছিল না বলেই দাবি এই বিচ্ছিন্নতাবাদী নেতার।
বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলির সম্মিলিত মঞ্চ হিসেবে ১৯৯৩ সালে তৈরি হয়েছিল এপিএইচসি। এক্স প্রোফাইল থেকে মিরওয়েইজ চেয়ারম্যান পদের উল্লেখ সরিয়ে নেওয়ায় তিন দশকের বেশি পুরোনো এই সংগঠনের কাছে বড় ধাক্কা বলেই মত ওয়াকিবহাল মহলের। এই বিচ্ছিন্নতাবাদী নেতার এক্স বায়োতে এখন শুধু তাঁর নাম, লোকেশন ও প্রাথমিক তথ্যবলি রইল। মিরওয়েইজের ফলোয়ার সংখ্যা ২ লক্ষ ৩২ হাজারের বেশি। প্রোফাইল বদলের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেছেন, প্রবল চাপের মুখে পড়েই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আওয়ামি অ্যাকশন কমিটি এবং এপিএইচসি-র অন্য সদস্য সংগঠনগুলির উপর চাপানো নিষেধাজ্ঞার প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে ‘কর্তৃপক্ষ’ বলেছিল, চেয়ারম্যান পদের উল্লেখ না সরালে এক্স অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে।