নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ব্যাপকভাবে সংক্রমণ ছড়ানোর পর প্রায় ১০-১৫ বছর কালাজ্বরের কোনো উপদ্রব আপাতদৃষ্টিতে দেখা যায় না। এখানেই ভুল হয়। ব্যাপক সংক্রমণের দু’টি এপিসোডের মাঝখানে নিশ্চুপে এই রোগ শক্তি সঞ্চয় করে। দরিদ্র এবং আদিবাসী অধ্যুষিত এলাকায় চিকিৎসা না হওয়া, রোগ ধরা না পড়া ইত্যাদির ফাঁক গলেই বেড়ে ওঠে এই রোগ। মালদহ, দুই দিনাজপুর এবং দার্জিলিং— এই চার জেলায় সমীক্ষা চালিয়ে রোগের এই প্রবণতাকে চিহ্নিত করেছেন স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের বিশেষজ্ঞরা। গবেষণাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড ইন্টারন্যাশনাল হেলথ শীর্ষক জার্নালে। সূত্রের খবর, এই গবেষণায় কীভাবে চিকিৎসার পরও সুপ্তভাবে কালাজ্বর বাড়তে থাকে, তা খুঁজে বের করেছেন তাঁরা। পাশাপাশি জনস্বাস্থ্যে কীভাবে একে মোকাবিলা করা সম্ভব, তারও একটি রূপরেখা বের করেছেন বিজ্ঞানীরা।



