নকল দাঁতের পাটি গিলে ফেলে বিপত্তি,  প্রাণ বাঁচাল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ওষুধ খেতে গিয়ে পেটে চলে গিয়েছিল বাঁধানো দাঁতের পাটি। তারপর পেটের যন্ত্রণায় যমে-মানুষে টানাটানি অবস্থা। শেষ পর্যন্ত দ্রুত অপারেশন করে রোগীর প্রাণরক্ষা করল চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতাল। সফল অস্ত্রোপচারের পর এই হাসপাতালের চিকিৎসক মহলের পাশাপাশি নাগরিক মহলও উচ্ছ্বসিত। জানা গিয়েছে, পোলবার বাসিন্দা বছর ৬০-এর প্রণব ঘোষ কাশির ওষুধ খেতে গিয়ে বাঁধানো দাঁতের পাটি গিলে ফেলেছিলেন। গত মঙ্গলবার থেকে তাঁর পেটে ব্যথা শুরু হয়। বুধবার হাসপাতালে ভরতির পরেও তাঁর ব্যথা কমার কোনো লক্ষণ দেখা যায়নি। চিকিৎসকদের দাবি, আলট্রাসাউন্ড পরীক্ষাতেও কোনো জটিলতা পাওয়া যায়নি। কলকাতা পাঠিয়ে দেওয়া নিয়ে যখন আলোচনা চলছে, তখনই মেডিকেল বোর্ড ও শল্য চিকিৎসক তাপস মণ্ডলসহ তাঁর টিম অপারেশন করতে এগিয়ে আসেন। শুক্রবার সেই অপারেশন হয়। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল বলেন, ‘বেনজির অপারেশন হয়েছে। রোগী এখন সুস্থ আছেন। চিকিৎসকদের দলকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই।’ প্রণববাবু বলেন, ‘সরকারি হাসপাতালে ভালো পরিষেবা মিলতে পারে, সেই বিশ্বাস নিয়েই বাড়ি ফিরব।’ তাঁর স্ত্রী রূপাদেবী বলেন, ‘চিকিৎসকরা চাইলেই ভগবান হয়ে উঠতে পারেন। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতাল আমার স্বামীর প্রাণরক্ষা করে সেকথাই প্রমাণ করেছে।’ 

Advertisement