নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে জেলা হাসপাতাল— সর্বত্র বিজ্ঞানসম্মতভাবে ও একই নিয়ম মেনে চিকিৎসাকে প্রাধান্য দিতে এল ‘স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন’ বা আদর্শ চিকিৎসাবিধি পুস্তক। ২০১১ সালের পর ফের এল এই আদর্শ চিকিৎসাবিধি পুস্তক। এটি তৃতীয় সংস্করণ। ৮০০ পাতার দুটি খণ্ডের পুস্তকটি থাকবে প্রতিটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, মহকুমা ও জেলা হাসপাতালে। স্বাস্থ্যভবনের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ইনস্টিটিউট থেকে প্রকাশিত হয়েছে বইটি। ইনস্টিটিউটের অধিকর্তা ডাঃ কৌস্তভ নায়েক বলেন, ‘ডেঙ্গু-ম্যালেরিয়া হোক বা সর্পাঘাত—চিকিৎসা নিয়ে কিছু জানতে চাইলে বা ভ্রম থাকলে চিকিৎসকরা বইটি দেখে নিতে পারেন। বিভিন্ন শাখার অধ্যাপক ও বিভাগীয় প্রধানদের লেখা ও পরামর্শ নিয়ে তৈরি হয়েছে এটি।’



