নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ১ লক্ষ ১০ হাজার চিকিৎসকের যাবতীয় তথ্য ফের যাচাই হবে। ভুয়ো ডাক্তার রুখতেই এই পদক্ষেপ বলে শুক্রবার সাংবাদিকদের জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘রাজ্যের বহু চিকিৎসক বিদেশে চলে গিয়েছেন। অনেকে ভারতীয় নাগরিকত্বও ছেড়ে দিয়েছেন। বহু চিকিৎসক মারা গিয়েছেন। অথচ রাজ্য মেডিকেল কাউন্সিলের নথিভুক্ত চিকিৎসকদের তালিকায় তাঁদের নাম আছে। তাই এসআইআরের ধাঁচে পশ্চিমবঙ্গের মডার্ন মেডিসিনের চিকিৎসকদের তথ্যপঞ্জীও খুটিয়ে দেখা হবে।’
মন্ত্রী জানান, রাজ্য মেডিকেল কাউন্সিলের বতর্মান তালিকায় নথিভুক্ত ডাক্তারদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে ‘ভ্যালিড আপটু’ বলে দেখা যাচ্ছে। তবে প্রকৃত চিকিৎসকদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘আপনারা ভাববেন না। আমরা এনএমসির কাছেও জানতে চেয়েছি।’ প্রসঙ্গত, ২০২৭ সালে রাজ্য মেডিকেল কাউন্সিলের নির্বাচন। ৩১ অক্টোবর পর্যন্ত বর্তমান পদাধিকারীদের মেয়াদ। তার আগে তালিকার এই ঝাড়াইবাছাই কি আসলে একটি রাজনৈতিক পদক্ষেপ? স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সেরকম কোনো ব্যাপার নয়। আমরা যেটুকু স্যাম্পল সার্ভে করেছি, তাতেই প্রচুর ভুয়ো ডাক্তার ধরা পড়েছে। পুরো তালিকার মধ্যে আরও কত আছে, কে জানে! তাই নথিপত্র যাচাই করা হবে।’ রাজ্য মেডিকেল কাউন্সিলের সঙ্গে এ বিষয়ে স্বাস্থ্যদপ্তরের একটি বৈঠক হয়েছে। দপ্তর নিজেদের সিদ্ধান্তের কথা কাউন্সিলকে জানিয়েছে। এদিন স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘হাওড়া, মুর্শিদাবাদসহ বেশ কয়েকটি জেলার ডেঙ্গু পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখা হচ্ছে। মাঝে হঠাৎ করে অ্যাকটিভ ডেঙ্গু রোগীর সংখ্যা ৩০০ পার করলেও এখন তা ফের ২৯০-২৯৫এ নেমে এসেছে।’ আদর্শ চিকিৎসার আচরণবিধি সংক্রান্ত বইও প্রকাশ হয় স্বাস্থ্যভবনে।



