Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

হাবড়া হাসপাতালে আরও ১০০ বেড বৃদ্ধির প্রতিশ্রুতি জ্যোতিপ্রিয় মল্লিকের, ইস্তাহারে স্পোর্টস কমপ্লেক্স, কমিউনিটি হল নির্মাণের উল্লেখ

হাবড়া কেন্দ্রের জন্য আলাদা ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার খেলাধুলো সহ সার্বিক বিকাশের জন্য ১০টি প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনজয়ের চেষ্টা করেছেন তিনি।

হাবড়া হাসপাতালে আরও ১০০ বেড বৃদ্ধির প্রতিশ্রুতি জ্যোতিপ্রিয় মল্লিকের, ইস্তাহারে স্পোর্টস কমপ্লেক্স, কমিউনিটি হল নির্মাণের উল্লেখ
  • ১৬ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: হাবড়া কেন্দ্রের জন্য আলাদা ইস্তাহার প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ার খেলাধুলো সহ সার্বিক বিকাশের জন্য ১০টি প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মনজয়ের চেষ্টা করেছেন তিনি। প্রসঙ্গত, ক’দিন আগে হাবড়ায় নির্বাচনি জনসভায় এসে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘বালুকে জেতান, যা চাইবেন করে দেব’। ২০১১ সাল থেকে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এবারেও দল তাঁকে প্রার্থী করেছে। ভোটে জেতার পর আগামী পাঁচ বছর তিনি কী কী কাজ করবেন, বুধবার ইস্তাহার প্রকাশ করে তার দিশা দেখিয়েছেন জ্যোতিপ্রিয়। 

Advertisement

হাবড়ায় বি আর আম্বেদকর মাঠে খেলাধুলোর পরিকাঠামোর অভাব রয়েছে। অথচ এই শহরে ফুটবল ও অন্যান্য খেলার ঐতিহ্য রয়েছে। এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে আম্বেদকর মাঠে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের আশ্বাস দিয়েছেন বালু। এখানে ফুটবল ছাড়াও ব্যাডমিন্টন, টেবিল টেনিস, বাস্কেটবল, ভলিবল খেলার সুযোগ পাবেন হাবড়ার তরুণ-তরুণীরা। বাংলার সংস্কৃতির বিস্তারে জোর দেওয়া হয়েছে ইস্তাহারে। হাবড়া শহরে ৮৫০ আসনের একটি প্রেক্ষাগৃহ রয়েছে। কিন্তু সংস্কৃতি জগতের মানুষদের দাবি মেনে বাণীপুরে ১৫০ আসনের একটি কমিউনিটি অডিটরিয়াম নির্মাণের কথা ইস্তাহারে তুলে ধরা হয়েছে। যেখানে চিত্র শিল্পীদের জন্য থাকবে একটি আর্ট গ্যালারি। বারাসত জেলা হাসপাতাল ইতিমধ্যেই মেডিকেল কলেজে উন্নীত হয়েছে। আগামী দিনে হাবড়া হাসপাতালকে জেলা হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বিধায়কের। তারই অঙ্গ হিসাবে ইতিমধ্যেই হাসপাতালে বেডের সংখ্যা বাড়িয়ে ২৫৩ করা হয়েছে। নির্বাচনি ইস্তাহারে জ্যোতিপ্রিয় বেড সংখ্যা আরও ১০০ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। সেইসঙ্গে নতুন ভবন নির্মাণেরও কথাও বলেছেন। এছাড়াও বাউগাছি ব্লক স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি ও সদ্যোজাতদের চিকিৎসার জন্য অত্যাধুনিক মাতৃসদন নির্মাণের কথা ইস্তাহারে উল্লেখ করেছেন বালু। মছলন্দপুর ২ নম্বর, কুমড়া-কাশীপুর, পৃথিবা ও রাউতারা পঞ্চায়েতের উপ স্বাস্থ্যকেন্দ্রে আউটডোর পরিষেবা চালু করা হবে। সেইসঙ্গে জয়গাছি সুপার মার্কেটে ৪০০ জন হকার ও ব্যবসায়ীর জন্য হকার্স মার্কেট, বদর বাজারে স্থায়ী পুলিশ ফাঁড়ি, শহরের প্রতিটি ওয়ার্ডের বর্ষার জল বিলে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় নিকাশি ব্যবস্থার কথাও ইস্তাহারে উল্লেখ করেছেন তৃণণূল প্রার্থী।

Advertisement
সম্পর্কিত সংবাদ