Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

২৮৬ জনকে হাউজিং ফর অলের টাকা দেওয়া হল

২৮৬ জনকে হাউজিং ফর অলের টাকা দেওয়া হল
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার পুরসভা এলাকায় এখনও পর্যন্ত মোট ১৩২০ জন উপভোক্তা হাউজিং ফর অল প্রকল্পে বাড়ি পেয়েছেন। এঁদের মধ্যে ২৮৬ জন উপভোক্তার কিস্তির টাকা ফের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। সমস্ত উপভোক্তার বাড়ি তৈরির টাকা মিটিয়ে দিতে গেলে ১০ কোটি টাকা লাগবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। অনেকে আবার আবেদন করেও বাড়ি তৈরির কাজ শুরু করেননি। দীর্ঘ বছর আগে আবেদন করার পর কোনও উদ্যোগ নেননি তাঁরা। বারবার বলার পরেও তাঁরা ইচ্ছুক না হওয়ায় তাঁদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, যাঁরা কাজ করে বিল জমা দিচ্ছেন তাঁদের পরবর্তী কিস্তির টাকা দেওয়া হচ্ছে। সম্প্রতি দুই কোটি টাকা দেওয়া হয়েছিল। আবার দেড় কোটি টাকা এসেছে, সেটাও ছাড়া হয়েছে। সবটা দিতে গেলে প্রায় ১০ কোটি টাকা লাগবে। কাজ শুরু করেননি এমন ৭০০ জনের নাম বাদ দেওয়া হয়েছে। 
Advertisement
কোচবিহার পুরসভা সূত্রে জানা গিয়েছে, হাউজিং ফর অল প্রকল্পের মাধ্যমে ৩ লক্ষ ৪৩ হাজার টাকা দেওয়া হয়। উপভোক্তারা ছয় কিস্তিতে এই টাকা পান। কাজের অগ্রগতি ও সেই সংক্রান্ত নথি জমা দিলে পরবর্তী কিস্তির টাকা মেলে। এভাবে পুরো বাড়িটি তৈরি হয়। সম্প্রতি ৭০০ উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। এঁরা ২০১৬-’১৭ অর্থবর্ষে আবেদন করেছিলেন। কিন্তু কাজ শুরুই করেননি। চিঠি, মাইকিং, পুরসভায় ডেকে বলা, কাউন্সিলারদের মাধ্যমে বলার পরেও তাঁরা কাজ শুরু করেননি। সেই কারণে নাম বাদ দেওয়া হয়েছে। এঁদের অনেকের জমি সংক্রান্ত সমস্যা রয়েছে। অনেকের আবার বাড়ি তৈরি হয়ে গিয়েছে। সেই কারণে তাঁরা আর বাড়ি বানাতে ইচ্ছুক নন। বিষয়টি খতিয়ে দেখে পুরসভা সেই সমস্ত নাম বাদ দিয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ২০১৬-’১৭ সালে ২৯৭, ২০১৮-’১৯ সালে ৩৪৮, ২০১৯-’২০ সালে ২৩৮ জন উপভোক্তাকে হাউজিং ফর অল প্রকল্পের মাধ্যমে বাড়ি দেওয়া হয়েছে। করোনার কারণে ২০২০-’২১ সালে কিছু না হলেও ফের ২০২১-’২২ সালে ৪৩৭ জন উপভোক্তা এই প্রকল্পের টাকা পেয়েছেন। সেই হিসেবে কোচবিহার পুরসভা এলাকায় মোট ১৩২০ জন উপভোক্তা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
সম্পর্কিত সংবাদ