বিবাহবিচ্ছেদ হয়েছে অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ের। গত ১২ ডিসেম্বর স্ত্রী শ্রেয়ার সঙ্গে পথ আলাদা হয়েছে তাঁর। বেশ কয়েক দিন ধরেই এই গুঞ্জন ছিল টলি পাড়ায়। রবিবার খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। তবে বিচ্ছেদের খবর নিয়ে খুব বেশি চর্চা হোক, চাননি তিনি। ফোনে জয়জিৎ বললেন, ‘সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তাই সকলকে জানাতে চাইনি। কোনওভাবে খবরটি সামনে চলে এসেছে। তারপর আর লুকনোর জায়গা নেই। এটা তো আর বিশাল কোনও পুরস্কার পাওয়ার ঘটনা নয়। তাই এটা নিয়ে বিরাট খবর হোক, চাইনি। ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চেয়েছিলাম। সেটা হল না।’ জয়জিৎ ও শ্রেয়ার পুত্রসন্তান যশোজিৎ নিজেই ঠাকুরদা, ঠাকুরমা আর বাবার সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। জয়জিৎ বললেন, ‘আমি যশোজিৎকে স্পষ্ট বলেছি, আমার প্রতি যতটা সম্মান রয়েছে, মায়ের প্রতিও যেন ততখানি থাকে।’



