মুম্বই: হিংসা নয়, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। ভয় নয়, মানুষের মধ্যে গড়ে উঠুক বিশ্বাস। সদ্য মুম্বইয়ে গ্লোবাল পিস অনার্স অনুষ্ঠানে শান্তি ও সম্প্রীতির এই বার্তা দিলেন শাহরুখ খান। ২৬/১১ মুম্বই হামলা, পহেলগাঁওয়ে জঙ্গি হামলা ও সম্প্রতি দিল্লি বিস্ফোরণে নিহতদের স্মরণ করেন তিনি। শ্রদ্ধা জানালেন দেশের নিরাপত্তার জন্য প্রাণ হারানো শহিদদেরও। গত শনিবার এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা। ছোটো ছেলে আব্রামের সঙ্গে কথোপকথন শেয়ার করেন তিনি। বলেন, ‘একদিন আব্রাম আমাকে জিজ্ঞাসা করে, ঘৃণাকে কীভাবে ভালোবাসায় বদলে দেওয়া যায়?’ উত্তরে শাহরুখ বলেছিলেন, ‘এর জন্য খুব বেশি কিছু করার প্রয়োজন নেই। হিংসার পরিবর্তে আলোচনাকে, আর আতঙ্কের পরিবর্তে বিশ্বাসকে বেছে নিতে হবে। পাশাপাশি সকলকে একসঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। তাহলেই ভালোবাসার জয় হবে।’ অভিনেতার কথায়, ‘শান্তি প্রতিষ্ঠার জন্য সবসময় বড়ো কোনো পরিবর্তের প্রয়োজন হয় না। এর শুরুটা হতে পারে নিজের মন থেকেই। প্রত্যেকের ব্যক্তিগত আচরণ ও সিদ্ধান্তের মধ্যেই শান্তির বীজ লুকিয়ে রয়েছে। সাধারণ মানুষের প্রচেষ্টাতেই ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।’



