Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হাতি, জিপসি সাফারিতে অনলাইন বুকিং চালু করার দাবি জলদাপাড়ায়

অনলাইন বুকিংয়ের সুবিধা না থাকায় জলদাপাড়ায় পর্যটক কমছে

হাতি, জিপসি সাফারিতে অনলাইন বুকিং চালু করার দাবি জলদাপাড়ায়
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: অনলাইন বুকিংয়ের সুবিধা না থাকায় জলদাপাড়ায় পর্যটক কমছে। পর্যটক কমছে হাতি ও জিপসি সাফারিতেও। এই দাবি, স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের। অনলাইন বুকিং ব্যবস্থা তুলে দেওয়ায় অফলাইনে হাতি, জিপসি সাফারির টিকিট কাটতে লাইন পড়ছে পর্যটকদের। অভিযোগ উঠেছে, টিকিট কাটার লাইনে ভিড় হওয়াতে বচসা এমনকী হাতাহাতির মতো অপ্রীতিকর ঘটনাও ঘটছে। শুধু তাই নয়, পর্যটকদের অফলাইনে টিকিট কাটতে গিয়ে দালালদের খপ্পড়েও পড়তে হচ্ছে বলে অভিযোগ। এই হয়রানি রুখতে জলদাপাড়ায় হাতি ও জিপসি সাফারির জন্য আগের মতো অনলাইন বুকিং চালুর দাবিতে সোচ্চার হয়েছেন পর্যটন ব্যবসায়ীরা। 

Advertisement

সোমবার পর্যটন ব্যবসায়ীরা জলদাপাড়া ন্যাশনাল পার্কের গেটে সভা করেন। সভায় সিদ্ধান্ত হয় এই দাবিতে খুব শীঘ্রই বনদপ্তরের কাছে স্মারকলিপি দেওয়া হবে। এদিন জলদাপাড়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটির ব্যানারে মিটিং হয়। উদ্যোক্তা সংগঠনের সদস্য সঞ্জয় দাস বলেন, অনলাইন বুকিং ব্যবস্থা না থাকায় জলদাপাড়ায় পর্যটক কমছে। অফলাইন বুকিং নিয়ে বাইরের পর্যটকরা সব সময় টিকিট নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। এই অনিশ্চয়তার জন্য বাইরের পর্যটকদের সংখ্যা কমছে জলদাপাড়া জাতীয় উদ্যানে। 
সঞ্জয়বাবু আরও বলেন, অফলাইনে হাতি ও কার সাফারির জন্য টিকিট কাটতে গিয়ে লাইনে হয়রানি বাড়ছে পর্যটকদের। টিকিট কাটা নিয়ে বচসা হচ্ছে। কখনও কখনও হাতাহাতির পর্যায়েও চলে যাচ্ছে। সেই সুযোগে টিকিট নিয়ে দালালচক্র বাড়ছে। আমাদের দাবি, টিকিট নিয়ে পর্যটকদের অনিশ্চয়তা কাটাতে আগের মতো অনলাইন বুকিং প্রথা ফিরিয়ে আনা হোক। 
গত ২৭ ডিসেম্বর জলদাপাড়ায় হাতি ও জিপসি সাফারির জন্য অনলাইন বুকিং প্রথা তুলে দেওয়া হয়েছে। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, এটা রাজ্য সরকারের সিদ্ধান্ত। উপর মহল থেকে আমাদের যেভাবে নির্দেশ দেওয়া হবে আমরা সেভাবেই কাজ করব। পর্যটন ব্যবসায়ীরা স্মারকলিপি দিতেই পারেন। তাঁরা স্মারকলিপি দিলে উপর মহলে পাঠিয়ে দেব আমরা।  নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ