নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপির বিপদ বাংলার মানুষ যত তাড়াতাড়ি বুঝবে, ততই মঙ্গল। সোমবার কলকাতা প্রেস ক্লাবে বসে এভাবেই বিজেপির বিপদ সম্পর্কে মানুষকে সতর্ক করলেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। নৈহাটিতে লিবারেশনের রাজ্য সম্মেলনে যোগ দিতে কলকাতায় এসেছেন তিনি। আজ, মঙ্গলবার শুরু হবে এই সম্মেলন।
সদ্য বিহার বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে লিবারেশনের সাধারণ সম্পাদক বলেন, ২০২১ সালে আমরা এরাজ্যে বামফ্রন্টকে সমর্থন করেছিলাম। একইসঙ্গে বিজেপিকে ভোট না দেওয়ার কথাও বলেছিলাম। সাংবাদিকরা প্রশ্ন করেন, কেন তখন তৃণমূলকে ভোট না দেওয়ার আহ্বান জানাননি? নকশালপন্থী দলের শীর্ষ নেতার বক্তব্য, পশ্চিমবঙ্গকে আমরা এখনও অ-বিজেপি রাজ্য হিসেবেই দেখি। বিজেপি এবং তৃণমূলকে এক সুতোয় বেঁধে ওজন করা ঠিক নয়। বিজেপি গোটা দেশের জন্য বিপদ। আমাদের কাজ, মানুষকে বিজেপি সম্পর্কে সচেতন করা। শুধু বিজেপি নয়, আমরা তৃণমূল সরকারের বিরুদ্ধেও এরাজ্যে আন্দোলনে করে চলেছি। একথা বলার পর তাঁর সংযুক্তি, বাংলায় বামপন্থার পুনর্জাগরণ দরকার। এ রাজ্যের মানুষ কতটা বিজেপিকে বুঝতে পারছে, সেটাও বামপন্থার পুনর্জাগরণ। আমরা চাই, বাংলায় তৃতীয় শক্তি উঠে আসুক।
বিহার নির্বাচন প্রসঙ্গে দীপঙ্করবাবুর বক্তব্য, প্রথমত এসআইআর, দ্বিতীয়ত বিপুল টাকা ছড়ানো এবং তৃতীয়ত কর্পোরেটদের হাতে জমি তুলে দেওয়া— এই ত্রিফলাই সুবিধা করে দিয়েছে বিজেপি-জেডি(ইউ)কে। তাঁর দাবি, এসআইআর করেও ভোটার তালিকার শুদ্ধিকরণ হয়নি। সারা বছর কিছু না করে, শুধু টাকা ছড়ানোর অভ্যাস যদি চলতে থাকে, তাহলে তো কোথাও সরকার সরানো যাবে না। এর জন্য চাই নতুন আইন।