আগুন লাগার খবর এলে ঘটনাস্থলে যেতেই হবে থানার ওসিকে, কড়া নির্দেশ নগরপালের
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অনেক সময় আগুন লাগার খবর পেয়েও ঘটনাস্থলে যাচ্ছেন না সংশ্লিষ্ট থানার ওসি। কেউ কেউ অনেক দেরিতে পৌঁছাচ্ছেন। অগ্নিকাণ্ডের ঘটনা তাঁরা অত্যন্ত হালকাভাবে নিচ্ছেন। এক্ষেত্রে তাঁদের ঘটনাস্থলে যেতেই হবে বলে ওসিদের সঙ্গে ভিডিও বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার। যদি কেউ না যান সেক্ষেত্রে সংশ্লিষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

Advertisement

শহর কলকাতায় বিগত কয়েকমাসে পরপর কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। লালবাজারের কর্তাদের নজরে এসেছে, আগুন লাগার ঘটনাকে হালকাভাবে নিচ্ছে বিভিন্ন থানা। বড়ো ধরনের আগুন না হলে থানার ওসিরা ঘটনাস্থলে যাচ্ছেন না। ডিউটি অফিসার ও কনস্টেবলদের ঘাড়ে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন। যে কারণে বহু ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে। ঘটনা সম্পর্কে জানতে চাওয়া হলে বিস্তারিত তথ্য দিতে রীতিমতো কালঘাম ছুটছে তাঁদের। অনেক সময় আবার ওসি ঘটনাস্থলে দেরিতে পৌঁছাচ্ছেন। ততক্ষণে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। থানার যেসব অফিসার স্পটে থাকছেন, তাঁরা অগ্নিনির্বাপণ দপ্তরের সঙ্গে ঠিকমতো যোগাযোগ করতে পারছেন না। যে কারণে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি আসতেও সমস্যা হচ্ছে। এসবের মাঝে আগুনের তীব্রতা বেড়ে যাচ্ছে। জনগণের মধ্যে অসন্তোষ তৈরি হচ্ছে।   গোটা বিষয়টি লালবাজারের কর্তারা পর্যবেক্ষণ করেছেন। আগুন ছোটো হলেও হালকাভাবে নেওয়ার পক্ষপাতি নন তাঁরা।
মঙ্গলবার কলকাতা পুলিশের সমস্ত থানার ওসিকে নিয়ে ভিডিয়ো কনফারেন্স করেন নগরপাল। সেখানে অগ্নিকাণ্ডের প্রসঙ্গ তোলেন তিনি। সিপি স্পষ্ট জানিয়ে দেন, আগুনের মতো বিষয়কে কিছুতেই হালকাভাবে নেওয়া যাবে না। যে এলাকায় আগুন লেগেছে, সেখানকার থানার ওসিকে ঘটনাস্থলে তৎক্ষণাৎ যেতে হবে। কোথাও আগুন লাগার খবর থানায় এলে কর্তব্যরত অফিসার ওসিকে সঙ্গে সঙ্গে তা জানাবেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মূল্যয়ন করে অগ্নিনির্বাপণ দপ্তরের সঙ্গে কথা বলবেন ওসি। প্রয়োজনে বাড়তি ইঞ্জিন নিয়ে আসার জন্য তদবির করবেন, যাতে দ্রুত আগুন নিভিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। যদি কেউ এই নির্দেশ অমান্য করেন, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন নগরপাল।