অটোয় মোবাইল হারানোর এক সপ্তাহ  পর অ্যাকাউন্ট থেকে গায়েব দুই লক্ষ!
  • ৫ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‌পারিবারিক কাজে ঠাকুরপুকুর গিয়েছিলেন। ঠাকুপুকুর বাজারের কাছে অটোয় খোয়া যায় প্রৌঢ়ের মোবাইল ফোন। থানায় যথারীতি জেনারেল ডায়েরিও করেছিলেন টালিগঞ্জের বাসিন্দা। এরপর এক সপ্তাহ কেটে যায়। আচমকাই ব্যাংক ম্যানেজারের ফোন যায় তাঁর কাছে। তিনি জানতে পারেন, চার দফায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে ২ লক্ষ টাকা! ঘটনায় তাজ্জব টালিগঞ্জের প্রৌঢ় ইতিমধ্যে টালিগঞ্জ থানায় জিরো এফআইআর করেছেন। পুলিশ জানিয়েছে, প্রৌঢ়ের মোবাইল ফোনটি ঠাকুরপুকুর বাজারে খোয়া যায়। ঘটনাস্থল ঠাকুরপুকুর থানার অন্তর্গত। তাই টালিগঞ্জ থানা থেকে জিরো এফআইআর ঠাকুরপুকুর থানায় পাঠানো হয়েছে। 

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযোগকারীর নাম শোভনকুমার চক্রবর্তী। প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের বাসিন্দা তিনি। ২৫ অক্টোবর ঠাকুরপুকুরে গিয়েছিলেন তিনি। ফেরার সময় বেহালা চৌরাস্তাগামী একটি অটোয় চাপেন। নামার সময় দেখেন, তাঁর মোবাইল গায়েব। তাঁর প্যান্টের পকেটে ফোনটি ছিল। ফের অটোয় চেপে ঠাকুরপুকুর থানায় যান তিনি। ওই দিনই মোবাইল ফোন খোয়ানোর দাবি জানিয়ে একটি জেনারেল ডায়েরি করেন শোভনবাবু। সপ্তাহখানেক পর ব্যাংক থেকে ফোন যায় তাঁর মোবাইলে। তাঁকে জানানো হয়, ৮০ হাজার ও ২০ হাজার, দু’দফায় মোট ১ লক্ষ উঠিয়ে নেওয়া হয়েছে তাঁর অ্যাকাউন্ট থেকে। তার কিছুক্ষণের মধ্যে ফের ৮০ হাজার ও ২০ হাজার টাকা ‘ডেবিট’ হয়ে যায়। অর্থাৎ, অনলাইন পেমেন্ট ব্যবস্থার সাহায্যে মোট ২ লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে। এই লেনদেন গ্রাহক শোভনবাবু নিজেই করেছেন কি না, তা জানতেই ব্যাংকের তরফে ফোন যায়। আর সেই ফোন পেয়েই চক্ষু চড়কগাছ হয় শোভনবাবুর।  দ্রুত ব্যাংকে গিয়ে অ্যাকাউন্টটি ব্লক করেন তিনি। ব্যাংক আধিকারিকই তাঁকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। 
প্রাথমিকভাবে তদন্তকারীরা মনে করছেন, মোবাইলটি খুব সম্ভবত কোনো সাইবার প্রতারকের হাতে গিয়ে পড়ে। খোয়া যাওয়া মোবাইল ও সেটির নম্বর কাজে লাগিয়ে টাকা তুলে নিয়েছে প্রতারক। অথবা খোয়া যাওয়া মোবাইল চোরাই বাজারে বিক্রি করে দেওয়া হয়েছিল। চোরাই মোবাইল বাজারের সঙ্গে যোগাযোগ থাকে সাইবার প্রতারকদের। চোরাই বাজার থেকে মোবাইলটি সংগ্রহ করে বা কিনে প্রৌঢ়ের ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে অভিযুক্ত। বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।