নিজস্ব প্রতিনিধি, বরানগর: স্বল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ছে উত্তর দমদমের বিভিন্ন এলাকা। এমনকি, কালীপুজোর সময়ও রাস্তা জলমগ্ন। পুরসভার টাইম কলে জল এলে রাস্তায় জলস্তর বেড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, বেহাল নিকাশি ব্যবস্থার জন্য দীর্ঘদিন ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হচ্ছে তাঁদের। অবিলম্বে সমস্যা সমাধানের দাবিতে এলাকাবাসী পুরসভার দ্বারস্থ হয়েছেন।
উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড়ো ফিঙা, ছোটো ফিঙাসহ কল্যাণী এক্সপ্রেসওয়ে লাগোয়া বিস্তীর্ণ এলাকার নিকাশি ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ড্রেন উঁচু হয়ে যাওয়ায় আশপাশের এলাকার জলযন্ত্রণা ভয়াবহ আকার নিয়েছে। অল্প বৃষ্টিতে জলমগ্ন হচ্ছে বিস্তীর্ণ এলাকা। তার উপর দীর্ঘদিন নর্দমা সাফাই হচ্ছে না বলে অভিযোগ। জমা জলে নিত্য যাতায়াত করতে গিয়ে নাভিশ্বাস উঠছে এলাকাবাসীর। শুধু রাস্তা নয়, মাঝেমধ্যে বাড়িতেও জল উঠছে। সাপ ঢুকে পড়ছে বাড়িতে। ঘরে ঘরে জ্বর-সর্দির সমস্যা। স্থানীয় বাসিন্দা সুজন দাস বলেন, ‘বাচ্চাদের কোলে করে স্কুলে নিয়ে যেতে হয়। বেশি বৃষ্টি হলে স্কুল বন্ধ করতে হয়। এখনও রাস্তায় জল জমে রয়েছে। সকাল, দুপুর ও রাতে পুরসভার জল আসে। ব্যবহারের পর সেই জলও রাস্তাতেই জমছে। ড্রেনে ময়লা আবর্জনার স্তূপ। কোথাও ইমারতি সামগ্রীতে ড্রেন অবরুদ্ধ। আমরা কি পরিস্থিতির বসবাস করছি, প্রশাসন একবার এসে দেখে যাক। তাহলে নিজেরাই পরিস্থিতি বুঝতে পারবে।’ সমস্যার কথা স্বীকার করে নিয়েছেন উত্তর দমদমের বিধায়ক সৌরভ সিকদার। তিনি বলেন, ‘এই সমস্যা দীর্ঘদিনের। পাম্প বসিয়ে জল বার করে দেওয়া হবে। কিন্তু তা তো সাময়িক। ওই এলাকায় জমা জল ফতেশা খালে ফেলার পরিকল্পনা করা হচ্ছে। একটি মাস্টারপ্ল্যান জমা দেওয়া হয়েছে। সমস্যার স্থায়ী সমাধানের
চেষ্টা চলছে।’



