নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ৮ ডিসেম্বর এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। তার আগে আইএসএল নিয়ে জট কাটাতে বুধবার সবপক্ষের সঙ্গে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। হাজির ছিলেন স্বয়ং মনসুখ মাণ্ডব্য। প্রথমে আইএসএল দলের প্রতিনিধি, তারপর আই লিগ ক্লাব। সবশেষে মার্কেটিং পার্টনার এফএসডিএল ও অন্যান্য বিড সংস্থার সঙ্গেও কথা বলেন তারা। একের পর এক ম্যারাথন বৈঠক শেষেও মিলল না কোনও সমাধানসূত্র। আসলে সুপ্রিম কোর্ট থেকে বেঁধে দেওয়া সংবিধানের চারটি পয়েন্টে আটকে গোটা বিষয়টি। সেগুলি হল যথাক্রমে ১.২, ২০.৯, ৬৩.১ ও ৬৩.৩। এরমধ্যে উল্লেখযোগ্য আইএসএলে অবনমন চালু করা। পাশাপাশি ফেডারেশনকে বার্ষিক ৩৬.৫ কোটি টাকা দিতে রাজি নয় কেউই। এই সকল বিষয়গুলি কোনওভাবে পরিবর্তন করা সম্ভব কি না, তা নিয়ে সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করা হবে। তারপরই মিলতে পারে লিগ জটের সমাধানসূত্র।



