


তেহরান: মধ্যস্থতাকারী হিসাবে বিশ্বাসযোগ্য নয় পাকিস্তান। দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে অনিশ্চয়তার মাঝে এমনই মন্তব্য করলেন ইরানের এক সাংসদ। তেহরান-ওয়াশিংটনের যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ইসলামাবাদ। গত শুক্রবার দ্বিতীয় দফার আলোচনার জন্য শাহবাজ শরিফের দেশে গিয়েছিলেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে শেষ মুহূর্তে মার্কিন প্রতিনিধি দলের পাক সফর বাতিল করা হয়। পরে আরও একবার ইসলামাবাদে যান আরাঘচি। আলোচনার সম্ভাব্য রূপরেখা নিয়ে পাক সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে কথা বলেন। এসবের মধ্যেই পাকিস্তানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন ইরানের জাতীয় নিরাপত্তা ও বিদেশনীতি সংক্রান্ত কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘পাকিস্তান আমাদের ভালো বন্ধু ও প্রতিবেশী। তবে মধ্যস্থতাকারী হিসাবে বিশ্বাসযোগ্য নয়। ওরা সবসময় ট্রাম্পের সুবিধাকে গুরুত্ব দেয়। আমেরিকার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলে না। একজন মধ্যস্থতাকারীর নিরপেক্ষ হওয়া উচিত। শুধু একটি নির্দিষ্ট পক্ষের দিকে ঝুঁকে থাকা মোটেই উচিত নয়।’
শান্তি আলোচনা নিয়ে টানাপোড়েনের মাঝে পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত। শনিবার ওমান উপকূলের কাছে রাসায়নিক বোঝাই জাহাজে হামলা চালায় ইরান। জানা গিয়েছে, টোগোর পতাকাবাহী ওই জাহাজে ১২ জন ভারতীয় কর্মী রয়েছেন। ইতিমধ্যে এবিষয়ে বিবৃতি দিয়েছেন বন্দর মন্ত্রকের ডিরেক্টর মনদীপ সিং রানধাওয়া। তিনি বলেন, ‘২৫ এপ্রিল এমটি সিরন নামক জাহাজে হামলা চালানো হয়। ওমানের শিনাসের কাছে এই ঘটনা ঘটে। তবে জাহাজের ভারতীয় কর্মীরা অক্ষত রয়েছেন। বিদেশমন্ত্রক, দূতাবাসগুলির সঙ্গে প্রতি মুহূর্তে যোগাযোগ রাখা হচ্ছে।’