নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: তীব্র গরমের জেরে হাঁসফাঁস করছে সাধারণ মানুষ। কিন্তু এই গরম আশীর্বাদ হয়েছে ভেন্ডি চাষিদের কাছে। জানা গিয়েছে, এই গরমের জেরেই ভেন্ডি চাষের ব্যাপক উৎপাদন বেড়েছে। সেই ভেন্ডি যাচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে। ভেন্ডি উৎপাদন ভালো হওয়ায় খুশি মেদিনীপুর সদর ব্লকের নদী তীরবর্তী চাঁদড়া অঞ্চলের একাধিক গ্রামের চাষি। এবছর ভেন্ডির দামও পাচ্ছেন চাষিরা। এক ভেন্ডি চাষির কথায়, গরম বেড়ে যাওয়ায় উৎপাদনের পরিমাণ বেড়েছে। ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এক বিঘা জমি থেকে ১০ কুইন্টাল ভেন্ডি উৎপাদন হয়েছে। এই উৎপাদন বিভিন্ন কারণের উপর নির্ভর করে। জমির গুণমান, সঠিক সার ব্যবহার ছাড়া আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মেদিনীপুর সদর ব্লকের উপরডাঙা এলাকার চাষি বাদল মাহাত বলেন, এই বছর ভেন্ডির চাষ খুবই ভালো হয়েছে। মূলত আবহাওয়া গরম থাকায় ফলন ভালো হয়। ভেন্ডির সাইজও ভালো হয়েছে। এই সাইজের উপরেই ভেন্ডির দাম অনেকটাই নির্ভর করে। এই রাজ্যে তো বটেই, ভিন রাজ্যেও ভেন্ডির চাহিদা রয়েছে। বিক্রি ভালো হওয়ায় লাভবান হচ্ছি। একইসঙ্গে ভাটপাড়া এলাকার ভেন্ডি চাষি বলেন, গত বছর প্রাকৃতিক দুর্যোগের জন্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এমনিতেই এই এলাকায় নদী ভাঙনের জন্য ফসলের ক্ষতি হয়। তার মধ্যে ভেন্ডি চাষ ভালো হওয়ায় উপকার হয়েছে। ভেন্ডি মূলত ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার রাজ্যে পাঠানো হয়।



