Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আরামবাগ উচ্চ বিদ্যালয় মুসলিম ছাত্রাবাস তৈরির উদ্যোগ, জমিদাতা বর্ধমানরাজ উদয়চাঁদ মেহতাব

আরামবাগ উচ্চ বিদ্যালয়ের তরফে মুসলিম ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরামবাগ উচ্চ বিদ্যালয় মুসলিম ছাত্রাবাস তৈরির উদ্যোগ, জমিদাতা বর্ধমানরাজ উদয়চাঁদ মেহতাব
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা আরামবাগ: আরামবাগ উচ্চ বিদ্যালয়ের তরফে মুসলিম ছাত্রদের জন্য একটি ছাত্রাবাস তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আরামবাগ শহরের মিয়াপাড়া এলাকায় একটি ফ্লেক্স-বিজ্ঞপ্তি টাঙিয়ে সরেজমিনে জায়গা পরিদর্শন করেছেন আরামবাগ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালন কমিটির সদস্যরা। খুশি আরামবাগ শহরের মানুষজন এবং মুসলিম পড়ুয়ারা। তাঁরা বলেন, এই ছাত্রাবাস আরামবাগ উচ্চ বিদ্যালয়ের মকুটে একটি নতুন পালক হিসেবে সংযোজন হবে। দূরদূরান্ত থেকে আরামবাগ উচ্চ বিদ্যালয়ে পড়তে আসা বহু মুসলিম ছাত্র এই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করতে পারবে। আমরা বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি।

Advertisement

আরামবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশচন্দ্র রায় বলেন, সাধারণত যাঁরা জমি দান করেন, তাঁরা সকল ছাত্রদের জন্য করে থাকেন। কিন্তু, এই জমিটি বর্ধমানের রাজা উদয়চাঁদ মেহতাব কেবলমাত্র মুসলিম ছাত্রদের হোস্টেল নির্মাণের জন্য দান করেছিলেন। জমিটি মুসলিম ছাত্রাবাস হিসেবেই রেকর্ডভুক্ত। উদয়চাঁদ মেহতাব আজ থেকে প্রায় ১০০বছর আগে মুসলিম ছাত্রদের জন্য এই চিন্তা-ভাবনা করেছিলেন। তাই, মুসলিম ছাত্রদের সুবিধার্থে আরামবাগ শহরের মিয়াপাড়া এলাকায় একটি ছাত্রাবাস তৈরি করার জন্য আমরা শিক্ষাদপ্তরের কাছে আবেদন জানিয়েছিলাম। বর্তমানে ওই হস্টেল নির্মাণের জন্য হুগলি জেলা পরিষদের তরফে প্রায় ৯৯ লক্ষ টাকার প্ল্যান তৈরি করা হয়েছে। উক্ত প্ল্যান এস্টিমেট ও প্রয়োজনীয় কাগজ ডিআই অব স্কুলস হুগলি, কমিশনার অফ স্কুল এডুকেশন ও প্রিন্সিপাল সেক্রেটারি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বিকাশ ভবন সহ বিভিন্ন সরকারি দপ্তরে জমা দেওয়া হয়েছে। টাকা অনুমোদন হয়ে গেলে আমরা টেন্ডারের মাধ্যমে ছাত্রাবাস তৈরির কাজ শুরু করে দেব। 
তিনি আরও বলেন, এই ছাত্রাবাসে প্রাথমিকভাবে ৫০ জনের আসন সংখ্যা থাকবে। দ্বিতল বিশিষ্ট এই ছাত্রাবাসে নামাজ পাঠের জন্য একটি পৃথক রুমেরও ব্যবস্থা করা হবে। এই ছাত্রাবাসে মুসলিম ছাত্ররা সরকারি খরচে থেকে ও খেয়ে ভালোভাবে পড়াশোনা করার সুযোগ পাবে। আমাদের এই স্কুলটিতে ইংরেজি মাধ্যমে পড়াশোনা করানো হচ্ছে। তাই আরামবাগ মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে বহু ছাত্র এখানে পড়তে আসছে। মুসলিম সম্প্রদায়ের বহু মেধাবী ছাত্র দূরবর্তী আরামবাগ উচ্চ বিদ্যালয়ে এসে পড়াশোনা করতে অসুবিধায় পড়ে। তাদের কথা চিন্তা করেই এই ছাত্রাবাস তৈরি করা হবে।
বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি প্রদীপ সিংহরায় বলেন, এটি খুব ভালো উদ্যোগ। আমাদের স্কুল থেকে বহু মুসলিম সম্প্রদায়ের ছাত্র ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক হয়েছেন। আরামবাগ শহর ছাড়াও পার্শ্ববর্তী গ্রামাঞ্চলে বহু মুসলিম ছাত্র রয়েছে। মেধা থাকা সত্ত্বেও অনেকে গ্রামের বাড়ি থেকে স্কুলে এসে পড়াশোনা করতে আগ্রহ পায় না। তাদের কথা চিন্তা করেই আরামবাগ উচ্চ বিদ্যালয়ের একটি মুসলিম ছাত্রাবাস তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি তৈরি হয়ে গেলে বহু মুসলিম সম্প্রদায়ের ছাত্র উপকৃত হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ