ওয়াশিংটন: হ্যান্ডকাফ পরিয়ে পিছমোড়া করে মারধর করা হচ্ছে তাঁকে। আর সেই পড়ুয়া হিন্দিতে বোঝানোর চেষ্টা করছেন, তিনি অন্যায় কিছু করেননি। তাঁর কাছে রয়েছে মার্কিন মুলুকে পড়াশোনার বৈধ কাগজপত্র। কে শোনে কার কথা? বিমানবন্দর থেকেই তাঁকে ভারতে ফেরত পাঠিয়ে দিয়েছেন অভিবাসন আধিকারিকরা। আমেরিকায় ভারতীয় পড়ুয়ার এই দুর্দশার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন আরও এক ভারতীয়, কুণাল জৈন। কুণাল বলেন, সম্প্রতি নেওয়ার্ক বিমানবন্দরে তিনি নারকীয় ঘটনা প্রত্যক্ষ করেন। এক্স হ্যান্ডলে কুণাল জানান, ‘গত রাতে এক ভারতীয় পড়ুয়াকে নেওয়ার্ক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হল। তাঁর হাতে হ্যান্ডকাফ পরানো ছিল। কাঁদতে থাকা ওই পড়ুয়ার সঙ্গে পশুর মতো আচরণ করা হয়। তিনি স্বপ্ন পূরণ করতে এসেছিলেন। কারও কোনও ক্ষতি করা ওঁর উদ্দেশ্য ছিল না।’ কুণাল আরও জানিয়েছেন, ‘অনাবাসী ভারতীয় হিসেবে আমি অসহায় বোধ করছি। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। এটা মানবিক বিপর্যয়।’ তাঁর এই পোস্টটি ভারতীয় দূতাবাস এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করেছেন তিনি।



