নয়াদিল্লি: ‘ব্যাটল অব গলওয়ান’ ছবিকে ‘ভারতের জাতীয়তাবাদ উস্কানির অস্ত্র’ বলে কটাক্ষ করল চীনের সংবাদমাধ্যম। চীন সরকারি সংবাদপত্র ‘গ্লোবাল টাইমস’ ছবির কড়া সমালোচনা করেছে। পালটা জবাব দিতে দেরি করেনি নয়াদিল্লিও। ভারত যে শিল্পের স্বাধীনতায় বিশ্বাসী, তা সাফ জানিয়েছে কেন্দ্র। সম্প্রতি সলমন খানের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে এই ছবির টিজার প্রকাশ্যে এসেছে। ২০২০ সালে গলওয়ান উপত্যকায় সংঘাতে জড়িয়েছিল ভারত ও চীন। সেই সংঘর্ষকে কেন্দ্র করেই ছবিটি তৈরি করেছেন পরিচালক অপূর্ব লাখিয়া।
কমান্ডিং অফিসার কর্নেল বি সন্তোষ বাবুর ভূমিকায় রয়েছেন সলমন। প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। চীনের একাধিক সংবাদমাধ্যম সমালোচনা করেছে টিজারের। পাশাপাশি চীনা নাগরিকরাও ভালো চোখে দেখেননি এই বিষয়টি। সমাজমাধ্যমে ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা। এই আবহে চীনের সংবাদমাধ্যমের বক্তব্য, ‘বলিউড আবেগপ্রবণ সিনেমা তৈরি করে ইতিহাস বদলাতে পারবে না। চীনা সেনার মনোবল ভাঙতেও পারবে না। বিকৃত তথ্যের সিনেমা দেখিয়ে জাতীয়তাবাদের উস্কানি দেওয়া হচ্ছে। চীনা সামরিক বাহিনীকে কলঙ্কিত করার চেষ্টাও চলছে লাগাতার।’
কড়া সুর ভারতের গলাতেও। সরাসরি কোনও বিবৃতি দেয়নি নয়াদিল্লি। তবে কেন্দ্রীয় সরকারের একটি সূত্র বলেছে, ‘আমরা শৈল্পিক স্বাধীনতায় বিশ্বাসী। ভারত এমন একটি দেশ যেখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর সেই স্বাধীনতাই পরিচালকদের নিজের ইচ্ছা মতো সিনেমা বানানোর সাহস দেয়। আর ব্যাটল অব গলওয়ান ছবির সঙ্গে সরকারের কোনও ভূমিকা নেই।’