Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়া থেকে আমদানি: ‘জানা নেই’ বলে পিঠটান ট্রাম্পের, ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫২০ কোটি ডলার

রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ইস্যুতে দু’মুখো অবস্থান নিয়ে চলছে আমেরিকা। শুল্ক-সংঘাতের আবহে রীতিমতো পরিসংখ্যান প্রকাশ করে এই অভিযোগ করেছে ভারত।

রাশিয়া থেকে আমদানি: ‘জানা নেই’ বলে পিঠটান ট্রাম্পের, ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫২০ কোটি ডলার
  • ৭ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

ওয়াশিংটন ও নয়াদিল্লি: রাশিয়ার সঙ্গে বাণিজ্যের ইস্যুতে দু’মুখো অবস্থান নিয়ে চলছে আমেরিকা। শুল্ক-সংঘাতের আবহে রীতিমতো পরিসংখ্যান প্রকাশ করে এই অভিযোগ করেছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, আমেরিকা ভারতকে কাঠগড়ায় তুলছে বটে। কিন্তু রাশিয়া থেকে বিশাল পরিমাণ ইউরেনিয়াম ও সার আমদানি করে চলেছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সত্যিই কি তাই? সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে এবার জবাব এড়ানোর চেষ্টা চালালেন মার্কিন প্রেসিডেন্ট। ২০২৮ সালে লস এঞ্জলেসে ওলিম্পিক্সের আয়োজন নিয়ে হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকের আয়োজন হয়েছিল। সেখানেই ভারতের তোলা অভিযোগ নিয়ে প্রশ্ন করা হয় ট্রাম্পকে। জানতে চাওয়া হয়, রাশিয়ার কাছ থেকে আমেরিকা কি এখনও ইউরেনিয়াম ও সার কিনছে? বিড়ম্বনা এড়াতে ট্রাম্প বলেন, ‘এবিষয়ে আমার কিছু জানা নেই। খোঁজ নিয়ে জানতে হবে।’

Advertisement

ট্রাম্প সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা চালালেও তাতে চিঁড়ে ভিজছে না। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রেড রিপ্রেজেনটেটিভের দপ্তর থেকে প্রকাশিত তথ্যই তার প্রমাণ। সেখানে দেখা যাচ্ছে, ২০২৪ সালে আমেরিকা ও রাশিয়ার মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ ৫২০ কোটি ডলার। এর মধ্যে রাশিয়া থেকে আমেরিকার আমদানির পরিমাণ ৩০০ কোটি ডলার। আমেরিকারই সেন্সাস ব্যুরো ও ব্যুরো অব ইকনমিক্স অ্যাফেসার্সের তথ্য বলছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৫ সাল পর্যন্ত রাশিয়া থেকে মোট ২ হাজার ৪৫১ কোটি ডলারের পণ্য আমদানি করেছে আমেরিকা। এর মধ্যে ২০২৪ সালে সার আমদানির পরিমাণ ১২৭ কোটি ডলার। ওই একই বছরে ইউরোনিয়াম ও প্লুটোনিয়াম আমদানি করেছে ৬২ কোটি ৪০ লক্ষ ডলারের। ৮৭ কোটি ৮০ লক্ষ ডলারের প্যালাডিয়াম আমদানি করেছে। অর্থাৎ ইউক্রেন যুদ্ধের দোহাই দিয়ে ট্রাম্প ভারতকে দোষারোপের চেষ্টা করলেও আমেরিকা নিজেই মস্কোর সঙ্গে বিশাল পরিমাণে বাণিজ্য চালিয়ে যাচ্ছে। ভারতের তোলা অভিযোগের সত্যতা প্রমাণিত হচ্ছে মার্কিন সরকারের নথি থেকেই। আর সেই কারণেই কি না জানার ‘ভান’ করে পিঠটান ট্রাম্পের? সত্যিই কি রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়ে মার্কিন প্রেসিডেন্টের কিছু জানা নেই? উঠছে প্রশ্ন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ