Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণ জঙ্গলমহলে বাড়ল নিরাপত্তা

বাংলার সীমানা ঘেঁষা ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদীদের আইইডি বিস্ফোরণের পর বাঁকুড়ায় সতর্কতা জারি হয়েছে।

ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণ  জঙ্গলমহলে বাড়ল নিরাপত্তা
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: বাংলার সীমানা ঘেঁষা ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদীদের আইইডি বিস্ফোরণের পর বাঁকুড়ায় সতর্কতা জারি হয়েছে। বাঁকুড়ার জঙ্গলমহলে পুলিসি নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পুলিসের পাশাপাশি সিভিক ভলান্টিয়ারদেরও পাড়ায় পাড়ায় কড়া নজর রাখতে বলা হয়েছে। গ্রাম লাগোয়া জঙ্গলে কারও সন্দেহজনক গতিবিধি নজরে পড়লেই দ্রুত পুলিসকে জানানোর জন্য বাসিন্দাদের বলা হয়েছে। 

Advertisement

বাঁকুড়ার পুলিস সুপার বৈভব তেওয়ারি বলেন, ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণের পর জঙ্গলমহলে নজরদারি বাড়ানো হয়েছে। জেলা পুলিস সতর্ক রয়েছে। যে কোনও ধরনের সন্দেহজনক গতিবিধি দেখলেই নিকটবর্তী থানায় জানানোর জন্য সকলকে বলা হচ্ছে। 
উল্লেখ্য, ঝাড়খণ্ডের সিংভূম এলাকায় শনিবার আইইডি বিস্ফোরণ হয়। ঘাটশিলা রেঞ্জ এলাকার জঙ্গলে মাওবাদীদের পেতে রাখা আইইডি ফেটে যায়। ওইসময় মাওবাদীদের বিরুদ্ধে সিআরপিএফ অপারেশন চালাচ্ছিল। বিস্ফোরণে পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা কেন্দ্রীয় বাহিনীর এক আধিকারিকের মৃত্যু হয়। বাঁকুড়া শহরের বাসিন্দা এক সিআরপিএফ জওয়ান জখম হন। মাওবাদী নাশকতায় এরাজ্যের বাসিন্দা দুই সিআরপিএফ জওয়ান-আধিকারিকের হতাহত হওয়ার ঘটনায় জঙ্গলমহলে চর্চা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে জঙ্গলমহলের জেলাগুলিতে মাওবাদীরা রক্ত ঝরিয়েছে। ফলে বাসিন্দারা সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। ঘাটশিলা বা সিংভূম এলাকা বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রামের সীমানা ঘেঁষা। ফলে সেখানে মাওবাদী গতিবিধি বৃদ্ধি পাওয়ায় জঙ্গলমহলেও তার প্রভাব পড়তে পারে বলে ওয়াকিবহাল মহল আশঙ্কা করছে। 
রানিবাঁধের বাসিন্দা অমল রাজোয়ার, বিভূ কুম্ভকার বলেন, বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলার সংযোগস্থল বলে পরিচিত ঝিলিমিলির পরাডি মোড় থেকে সিংভূম বা ঘাটশিলা কার্যত ঢিল ছোড়া দূরত্বে অবস্থিত। পুরো এলাকায় জঙ্গল রয়েছে। ফলে সেখান থেকে হেঁটে এরাজ্যের জঙ্গলমহলে সহজেই ঢোকা যায়। এখনও সন্ধ্যা নামার পর ঝিলিমিলি লাগোয়া জঙ্গলে যেতে গা ছমছম করে। পুলিসও রাতে টহল দিতে বের হওয়ার সময় সতর্ক থাকে। পুলিস কর্মীদের হাতে ইনসাস, একে ৪৭ জাতীয় স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র থাকে। ঝাড়খণ্ডে মাওবাদীদের পেতে রাখা আইইডি বিস্ফোরণে জঙ্গলমহলেরই বাসিন্দা সিআরপিএফের জওয়ান-আধিকারিকদের  হতাহত হওয়ার ঘটনা শুনে আমরা শঙ্কিত। 
জঙ্গলমহলে দীর্ঘদিন ধরে কর্মরত এক পুলিস আধিকারিক বলেন, আগের তুলনায় পশ্চিমাঞ্চলের জেলাগুলির আর্থ-সামাজিক অবস্থার অনেকটাই উন্নতি ঘটেছে। তাছাড়া বহু মাওবাদী আত্মসমর্পণ করে মূল স্রোতে ফেরায় জঙ্গলমহলে অতি বামপন্থীদের কোমর ভেঙে গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে সরকার বিরোধী ক্ষোভ দানা না বাঁধা পর্যন্ত মাওবাদীরা সুবিধা করতে পারবে বলে মনে হয় না। তবে আমরা ওদের হালকা ভাবে নিচ্ছি না। এরাজ্যে পুলিসের সঙ্গে সম্মুখ সমরে না নামলেও ল্যান্ড মাইন বা আইইডি জাতীয় বিস্ফোরক রেখে বাহিনীর উপর চোরাগোপ্তা হামলা যে কোনও সময় হতে পারে। ফলে জঙ্গলের রাস্তায় টহল দেওয়ার সময় যতটা সম্ভব কাঁচা রাস্তা এড়ানোর জন্য কর্মী-আধিকারিকদের বলা হবে। ভিআইপিদের আনাগোনার সময়ে কালভার্টগুলির উপর নজরদারিও বৃদ্ধি করা হবে।-ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ