


বাড়িতে নিজেই তৈরি করে নিতে পারেন ফেস মাস্ক। কীভাবে? জেনে নিন বিশদে।
হাতে সময় কম। কাজের চাপে ঘরে বাইরে জেরবার আপনি। স্যালঁয় যাওয়ার সময় নেই। তাহলে ত্বকের যত্ন নেবেন কীভাবে? ঘরোয়া উপাদানই এক্ষেত্রে হতে পারে সমাধান। ঘরোয়া উপাদানে তৈরি প্রাকৃতিক ফেস মাস্ক থেকে ক্ষতির সম্ভাবনাও অনেকটাই কম। শুষ্ক থেকে তৈলাক্ত— ত্বকের ধরন বুঝে তৈরি করে নিতে পারেন নানারকম ফেস মাস্ক।
যেমন মুখের ট্যান তাড়াতে বেছে নিন টম্যাটো লেমন মাস্ক। দুটোই বাড়িতে মজুত থাকে। একটা টম্যাটো ধুয়ে নিয়ে ভালো করে চটকে পিউরির মতো করে নিন। তার মধ্যে যোগ করুন দু’চামচ পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে নিয়ে সেটা মুখ ও গলায় লাগিয়ে নিন। মিনিট কুড়ি রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে ফেলুন। এই মাস্কে ত্বকের ট্যান দূর হবে। স্বাভাবিক ঔজ্জ্বল্য ফিরে আসবে।
রাত থেকে জলে ভেজানো দুটো আমন্ড বা কাঠবাদাম খেয়ে অনেকেই দিন শুরু করেন এখন। তাঁরা মুখের ত্বকে উজ্জ্বলতা বাড়াতে ব্যবহার করতে পারেন আমন্ড ফেস মাস্ক। রূপচর্চায় সারা রাত জলের বদলে দুধে ভিজিয়ে রাখুন চার-পাঁচটি আমন্ড। পরদিন আমন্ডের খোসা ছাড়িয়ে নিন। বাদাম বেটে দুধে মিশিয়ে সেই মিশ্রণ মুখের ত্বকে আলতো করে লাগিয়ে রাখুন। কেউ চাইলে রাতেও এটা মাখতে পারেন। সারা রাত মুখে রেখে সকালে ধুয়ে ফেলুন। মুখের উজ্জ্বলতা বাড়বে।
শুষ্ক ত্বকের যত্নে ফেস মাস্কে আমন্ডের সঙ্গে যোগ করুন একটা ডিম। ভালো করে ডিম ফেটিয়ে সেটা বাদাম বাটার সঙ্গে মেশান। এই মিশ্রণও মুখে ও গলায় মেখে ২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।
সংবেদনশীল ত্বকের জন্য চাই গাজর ও মধু মিশ্রিত মাস্ক। দু’তিনটে গাজর সেদ্ধ করে ভালো করে চটকে নিন। দু’-তিন চামচ মধু যোগ করুন তার মধ্যে। মিশ্রণটি মুখে গলায় লাগিয়ে রাখুন মিনিট পনেরো। তারপর মুখ ধুয়ে ফেলুন। মুখে একটা সতেজ ভাব আসবে। ত্বকে আরামদায়ক অনুভূতিও হবে।
হঠাৎ অনুষ্ঠানে আমন্ত্রণ বা বিয়েবাড়ি যেতে হবে? অল্প সময়ে কী করবেন? এক চা চামচ লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন দু’চা চামচ দই। এই মিশ্রণ হাতে নিয়ে মুখে ও গলায় ভালো করে সার্কুলার মোশনে মাসাজ করে নিন কিছুক্ষণ। মুখ ধুয়ে ফেলুন ঠান্ডা জলে। মুখে চট করে উজ্জ্বলভাব আসবে। সব ধরনের ত্বকের জন্য উপযোগী পেঁপে দিয়ে তৈরি ফেস মাস্ক। পাকা পেঁপেতে রয়েছে ভিটামিন এ এবং সি। দু’টিই ত্বকের জন্য উপকারী। এছাড়া এই ফলে রয়েছে পাপাইন এনজাইম, যা ডার্ক স্পট, দাগছোপ কমায়।
শুষ্ক ত্বকের জন্য পেঁপে ও মধু দিয়ে তৈরি করুন ফেস মাস্ক। আট-দশ টুকরো পাকা পেঁপে নিয়ে ভালো করে চটকে নিন। এতে যোগ করুন এক চামচ দুধ অথবা দুধের সর। তারপর মেশান এক চামচ মধু। সবটা মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন মিশ্রণটি। ১৫-২০ মিনিট রেখে ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন মুখ। তৈলাক্ত ত্বকে পাকা পেঁপের সঙ্গে যোগ করুন পাকা কলা ও শসা। প্রথমে পেঁপের সঙ্গে শসা মেশান। তারপর তাতে অর্ধেকটা পাকা কলা চটকে মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে-গলায় লাগিয়ে রাখুন ১৫-২০ মিনিট। তারপর অল্প গরম জলে মুখ পরিষ্কার করে নিন। কম্বিনেশন স্কিনে ৮-১০ টুকরো পাকা পেঁপের সঙ্গে মেশান টম্যাটো পাল্প। পেস্টের মতো হয়ে গেলে মুখে গলায় মেখে ১৫ মিনিট রাখুন। তারপর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন।
এভাবে নিয়মিত ঘরোয়া ফেস মাস্ক ব্যবহার করুন। অল্প সময়েই ফল পাবেন। ত্বক থাকবে সুস্থ ও ঝকঝকে।