সংবাদদাতা, রঘুনাথপুর: ব্যাঙ্কের পাস বই দ্রুত আপডেট করতে হবে। তার জন্য আধার কার্ড, এটিএম কার্ড নম্বর সহ ওটিপি নাম্বার ব্যাঙ্ক কর্মীকে দিতে হবে। তা না হলে পরবর্তী সময়ে অসুবিধায় পড়তে হবে। ফোনে এমনই কথা শোনার পর আদ্রা এলাকার এক মহিলা যাবতীয় তথ্য দিয়ে দেন। ওটিপি শেয়ার করায় অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা তুলে নেওয়া হয়। প্রতারণার শিকার হওয়া ওই মহিলা কি করবেন ভেবে পাচ্ছিলেন না। অবশেষে প্রতিবেশীদের কথামতো মহিলা শনিবার আদ্রা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিস জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সাইবার সেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ওই মহিলা জানান, ১৮ সেপ্টেম্বর ফোনে একজন নিজেকে ব্যাঙ্ক কর্মী বলে পরিচয় দেন। জানানো হয়, ব্যাঙ্কের বই দ্রুত আপডেট না করলে পরবর্তী সময় অসুবিধায় পড়তে হবে। তাই ওই কর্মীর কথামতো আধার, প্যান কার্ড সহ ওটিপি নম্বার দিয়ে দিই। পরে দেখা যায় অ্যাকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে। কি করবো ভেবে পাচ্ছিলাম না। অবশেষে বিষয়টি তদন্তের জন্য পুলিসের দ্বারস্থ হয়েছি।



