নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘদিন ধরে বাংলার গ্রামীণ সড়ক খাতের টাকা আটকে রেখেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে নিজস্ব কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করে গ্রামে কয়েক হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে রাজ্য সরকার। তবে এই সমস্ত রাস্তা দিয়ে ভারী গাড়ি যাতায়াতের ফলে দ্রুত তা ভেঙে যাচ্ছে। বিষয়টি নিয়ে উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠক থেকে উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের পাশাপাশি পুলিসকেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। তারপরই নির্দিষ্ট কিছু রাস্তায় হাইটবার বসানোর নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ পন্থ।
সূত্রের খবর, শুক্রবার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন মুখ্যসচিব। উপস্থিত ছিলেন এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমও। বড় রাস্তা এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছনোর জন্য মাঝেমধ্যে গ্রামীণ রাস্তা ব্যবহার করে অনেক ভারী যানবাহন। সেই রাস্তাগুলি দ্রুত চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ওই সব রাস্তায় হাইটবার বসানোর সিদ্ধান্ত হয়েছে বলে খবর। প্রশাসনিক মহলের বক্তব্য, কম-বেশি প্রতিটি জেলাতেই এমন বেশ কিছু রাস্তা রয়েছে, যেগুলি ভারী গাড়ি চলাচলের জন্য নষ্ট হয়ে গিয়েছে। সেই তথ্যও পুলিস এবং জেলা প্রশাসনের কাছে আছে। ফলে ‘মিশন মোড’-এ এই কাজ করতে কোনও সমস্যাই হওয়ার কথা নয়। এই কাজে জেলাগুলি পূর্তদপ্তরের সহযোগিতাও নিতে পারে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, পথশ্রী ১, পথশ্রী-রাস্তাশ্রী এবং পথশ্রী-৩ প্রকল্প রূপায়ণ করেছে রাজ্য পঞ্চায়েত দপ্তর। শুধু মাত্র পথশ্রী-৩ প্রকল্পের অধীনে ৩৪৭৫.৪১ কোটি টাকা ব্যয়ে ১১ হাজার ৮৮৫ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে।