Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা

দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা। একই সঙ্গে দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই ত্র্যহস্পর্শে সপ্তাহ শেষের দিনগুলিতে বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আজ ও কাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, জারি সতর্কতা
  • ৫ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণবঙ্গের উপর অবস্থান করছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা। একই সঙ্গে দক্ষিণবঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা। এই ত্র্যহস্পর্শে সপ্তাহ শেষের দিনগুলিতে বৃষ্টির মাত্রা দক্ষিণবঙ্গে বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, শনিবার এবং আগামী কাল, রবিবার কয়েকটি জেলার কিছু জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এজন্য ‘কমলা’ সতর্কতা জারি করা হয়েছে। সাধারণভাবে দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। যেসব জেলায় শনি ও রবিবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেগুলি হল—বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এই দু’দিন ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, সোমবারও ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে। এই বৃষ্টিতে নিচু এলাকা জলমগ্ন হতে পারে। মাঠে যেসব ফসল রয়েছে ক্ষতি হতে পারে সেসবেরও। সোমবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। সেখানকার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

Advertisement

উত্তর ওড়িশার উপর থাকা ঘূর্ণাবর্তটি বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সরে আসে। পাশাপশি মৌসুমি অক্ষরেখাটি আসানসোল এবং কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত গিয়েছে। মৌসুমি অক্ষরেখা অবস্থানের জন্য কলকাতা ও লাগোয়া এলাকায় সারাদিন ধরে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। এদিকে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার নাগাদ উত্তর বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তবে ওই ঘূর্ণাবর্তটির শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম।

Advertisement
সম্পর্কিত সংবাদ