বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি জঙ্গিদের। পালটা গুলি চালায় বাহিনীও। সাধারণতন্ত্র দিবসের আগে জঙ্গিদের খোঁজে উপত্যকাজুড়ে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে নাজোতের জঙ্গলে তল্লাশি অভিযান শুরু হয়। তখনই তাঁদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। গত ৭ জানুয়ারি কামোহের জঙ্গলে তল্লাশি অভিযানের সময় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয় নিরাপত্তা বাহিনীর। তবে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় জঙ্গিরা। নাজোতের জঙ্গল সেখান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জারি রয়েছে।
তবে এরই মধ্যে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার জানিয়েছেন, জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্ত থেকে জঙ্গি শিবিরে নাম লেখানোর প্রবণতা কার্যত বন্ধের পথে। তিনি জানিয়েছেন, ২০২৫ সালে মোট ৩১ জঙ্গিকে খতম করা হয়েছে। তাঁদের মধ্যে ৬৫ শতাংশই পাকিস্তানি। খতম হওয়া জঙ্গিদের মধ্যে রয়েছে পহেলগাঁও জঙ্গি হামলায় অভিযুক্তরাও। জেনারেল দ্বিবেদী বলেন, ‘২০২৫ সালে উপত্যকার মাত্র ২ জন বাসিন্দা জঙ্গিদের দলে নাম লিখিয়েছে। যা অত্যন্ত ইতিবাচক।’ উন্নয়ন ও পর্যটন ক্ষেত্রে কাজের সুবিধার জন্যই জঙ্গিযোগের প্রবণতা কমেছে বলে জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গেই গত কয়েকবছরে অমরনাথ যাত্রায় পুণ্যার্থীর সংখ্যা বৃদ্ধির কথাও বলেছেন জেনারেল দ্বিবেদী।