Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

নতুন মা ও সন্তানের জন্য উপহার

মাতৃত্ব চিরসুন্দর, শাশ্বত। তবে কখনও কখনও  শারীরিক ও মানসিকভাবে এই পরিবর্তমান সময় নতুন মায়েদের জন্য কিছুটা প্রতিকূলও হয়ে ওঠে। ছোট্ট সদস্যকে নিয়ে শুধুমাত্র আগামী দিনের আলাপ-আলোচনা নয়, এই সময় প্রতিটি নতুন মায়েরও প্রয়োজন যথাযথ সহমর্মিতা, সহযোগিতা এবং ভালোবাসা।

নতুন মা ও সন্তানের জন্য উপহার
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০

মাতৃত্ব চিরসুন্দর, শাশ্বত। তবে কখনও কখনও  শারীরিক ও মানসিকভাবে এই পরিবর্তমান সময় নতুন মায়েদের জন্য কিছুটা প্রতিকূলও হয়ে ওঠে। ছোট্ট সদস্যকে নিয়ে শুধুমাত্র আগামী দিনের আলাপ-আলোচনা নয়, এই সময় প্রতিটি নতুন মায়েরও প্রয়োজন যথাযথ সহমর্মিতা, সহযোগিতা এবং ভালোবাসা। বিলাসবহুল কিংবা সহজ-সরল, উপহার যেমনই হোক না কেন, তার মধ্যেই থাকে প্রকৃত আন্তরিকতা। কাজেই মা ও সদ্যোজাত সন্তানের জন্য সযত্নে নির্বাচিত উপহারগুলি কেবলমাত্র ব্যবহারিক চাহিদাই মেটায় না, বরং সেগুলি তাদের জীবনপথে পাশে থাকার বার্তাও দেয়। নতুন মা ও সন্তানের যত্ন-সুরক্ষার বিষয়টি বিবেচনা করে কিছু প্রয়োজনীয় ও সুন্দর উপহারের ভাবনা দেওয়া হল এখানে। নতুন মায়ের জন্য— 

Advertisement

নরম গাউন- প্রসবপরবর্তী শারীরিক ধকল কাটিয়ে ওঠার ক্ষেত্রে বাড়িতে নরম সুতির তৈরি পোশাক পরাই ভালো। সেক্ষেত্রে নতুন মায়েদের জন্য আরামদায়ক এবং সহজে পরিধানযোগ্য নাইটড্রেস বা গাউন উপহার হিসেবে দেওয়া যেতে পারে। 
পোস্টপার্টাম কেয়ার প্যাকেজ- নতুন মায়েদের ছোট্ট ছোট্ট শখ-আহ্লাদ পূরণের জন্য আপনি উপহার হিসেবে নির্বাচন করতে পারেন মাসাজ, স্পা বা রিল্যাক্সেশন কিট, রিল্যাক্সিং অয়েল, হিটিং প্যাড। শারীরিক ঘাটতি পূরণের জন্য হেল্থ ড্রিঙ্ক, হার্বাল টি ইত্যাদিও দিতে পারেন।
প্রয়োজনীয় বই- সময়ের সঙ্গে সঙ্গে শিশুর পরিচর্যা ও পেরেন্টিং পদ্ধতিতে এসেছে বিজ্ঞানসম্মত পরিবর্তন। আধুনিক সময়ের পরিপ্রেক্ষিতে লেখা বিভিন্ন পেরেন্টিং সম্পর্কিত বই উপহার হিসেবে দিতে পারেন। এগুলি কিছুটা গাইডবুকের মতোই কাজ করবে বলে আশা করা যায়।
স্বাস্থ্যকর স্ন্যাক্স- নতুন মায়েদের পোস্টপার্টাম যত্নের কথা মাথায় রেখে উপহারের তালিকায় বেশ কিছু হেলদি স্ন্যাক্স অন্তর্ভুক্ত করা যেতে পারে। যেমন: ওটস-রাগির লাড্ডু, তিলের লাড্ডু, ড্রাই-ফ্রুটস লাড্ডু, খেজুর এবং অন্যান্য ড্রাই ফ্রুটসের প্যাকেট, রকমারি মাখানা বা ফক্সনাটসের প্যাকেট ইত্যাদি।
সংরক্ষণের জার্নাল- প্রসব-পরবর্তী মানসিক অবসাদ কাটিয়ে ওঠার ক্ষেত্রে জার্নাল লেখার বিকল্প আর কিছুই হতে পারে না। নতুন মায়েরা তাঁদের এই নতুন জীবনের নানা অভিজ্ঞতার কথা অনায়াসেই জার্নালে লিখে রাখতে পারবেন। শারীরিক এবং মানসিক ক্লান্তির পরিসর কাটিয়ে এই জার্নাল লেখাই হয়তো হয়ে উঠতে পারে নতুন মায়েদের একান্ত ব্যক্তিগত অবসরযাপন।
এবার আসা যাক খুদে সদস্যের কথায়। তাকে কী উপহার দেবেন? 
নরম সুতির কাপড়- শিশুর কোমল ত্বকের কথা চিন্তা করে নরম সুতির কাপড় দিয়ে তৈরি পোশাক নির্বাচন করা উচিত। রাম্পার, জাম্পস্যুট, ক্যাপ, মিটেনস এবং বুটিসের সেট আপনার উপহারের তালিকায় রাখতে পারেন। বাঁশের তন্তু এবং তুলোর সংমিশ্রণে তৈরি ব্যাম্বু কটন একধরনের পরিবেশবান্ধব কাপড়। সদ্যোজাত সন্তানের পক্ষে আদর্শ এই কাপড় থেকে তৈরি কিছু পোশাক, যেমন- জাবালা, জামা-প্যান্ট সেট অথবা রাম্পার নতুন সদস্যের জন্য নির্বাচন করতে পারেন।
ডায়াপার কিট- ডায়াপার কিটও উপহার হিসেবে দিতে পারেন। এই কিটে আপনি রাখতে পারেন ডায়াপার, ওয়েট ওয়াইপস, মেডিকেটেড ডায়াপার র‍্যাশ ক্রিম এবং নতুন বাচ্চাটির ডায়াপার-ফ্রি টাইমের কথা মাথায় রেখে তালিকায় অবশ্যই রাখতে পারেন প্যান্ট স্টাইল কটন ডায়াপার, ড্রাই শিট ইত্যাদি।
বেবি গ্রুমিং কিট- শিশুর প্রতিদিনের চাহিদা অনুযায়ী নেল ক্লিপার, হেয়ার ব্রাশ, নেল ফাইলার, টাং ক্লিনার ইত্যাদি বিভিন্ন বেবি গ্রুমিং কিট উপহার হিসেবে দিতে পারেন।
স্নান ও ত্বক পরিচর্যা- মেডিকেটেড বেবি শ্যাম্পু, বেবি বডি ওয়াশ, বেবি অয়েল এবং বেবি লোশন। এছাড়া রকমারি রঙিন তোয়ালেও আপনি শিশুর স্নান ও ত্বক পরিচর্যায় উপহার হিসেবে দিতে পারেন।
সফট টয় এবং র‍্যাটল- শিশুদের জন্য আদর্শ এবং নিরাপদ, একইসঙ্গে হালকা শব্দযুক্ত র‍্যাটল এবং সফট টয় উপহার হিসেবে বেশ ভালো। নরম কম্বল- সদ্যোজাত শিশুর নির্বিঘ্ন এবং নিরাপদ ঘুমের সঙ্গী হতে পারে নরম কম্বল বা কুইল্ট। রকমারি নকশা ও রঙের কুইল্টগুলি শিশুর মনোযোগ আকর্ষণও করবে এবং শিশুকে পরিমিত উষ্ণতা এবং আরাম দেবে। কাজেই উপহার হিসেবে নিঃসন্দেহে এগুলির উপযোগিতা রয়েছে। এছাড়াও বেবি সোয়াডেল, বেবি ব্ল্যাঙ্কেটও উপহার হিসেবে দিতে পারেন। এক্ষেত্রে শিশুর নাম সহ কাস্টমাইজড ডিজাইনও নির্বাচন করতে পারেন।
মেমরি বুক কিট – শিশুর প্রথম মুহূর্তগুলি স্মরণীয় করে রাখার জন্য এই ধরনের কিটগুলি কিন্তু বেশ নজরকাড়া উপহার সামগ্রী হয়ে উঠতে পারে।
বেবি ক্রিব অ্যাক্সেসরিজ- নবজাতকের বিছানা বা ক্রিবকে আরও আরামদায়ক, নিরাপদ এবং দৃষ্টিনন্দন করে তোলা যায়। সুন্দর দেখতে ক্রিব ম্যাট্রেস, চোখজুড়ানো রঙের ক্রিব শিট,  মিষ্টি নকশাওয়ালা ক্রিব কুইল্টের পাশাপাশি ক্রিব মোবাইল বা মিউজিক্যাল মোবাইলও আপনি ছোট শিশুর জন্য উপহার হিসেবে নির্বাচন করতে পারেন।
বেবি ক্যারিয়ার ব্যাগ- আগেকার মতো কোলেকাঁখে নয়, সদ্যোজাত শিশুকে নিরাপদে এবং আরামে নিজের দেহের সঙ্গে রাখতে এই ব্যাগগুলি নতুন অভিভাবকদের জন্য বিশেষ প্রয়োজন।
গিফট কার্ড বা ভাউচার- কোন উপহার দেবেন বুঝে উঠতে না পারলে গিফট কার্ড বা ভাউচার দিতে পারেন। সেক্ষেত্রে শিশুর বাবা-মা তাদের পছন্দ অনুসারে নবজাতকের জন্য প্রয়োজনীয় জিনিসগুলি কিনে নিতে পারবেন।
উপাসনা সরকার

সম্পর্কিত সংবাদ