Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ থেকে সিউড়ি শহরে টোটো চলাচল জোড়-বিজোড় নিয়মে

দীর্ঘ টালবাহানা শেষে সোমবার থেকে সিউড়ি শহরের রাস্তায় টোটো চলাচলে জোড়-বিজোড় নিয়ম চালু হতে চলেছে

আজ থেকে সিউড়ি শহরে টোটো চলাচল জোড়-বিজোড় নিয়মে
  • ২৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: দীর্ঘ টালবাহানা শেষে সোমবার থেকে সিউড়ি শহরের রাস্তায় টোটো চলাচলে জোড়-বিজোড় নিয়ম চালু হতে চলেছে। সম্প্রতি পুরসভা এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল। পুর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার যে সমস্ত টোটোর কিউআর কোডে জোড়সংখ্যার নম্বর রয়েছে, সেগুলি শহরের রাস্তায় চলাচলের অনুমতি পাবে। মঙ্গলবার বিজোড় সংখ্যার টোটো শহরের রাস্তায় নামবে। এভাবেই একদিন জোড়, একদিন বিজোড় সংখ্যার টোটো চলাচল করবে। শহরে সবমিলিয়ে ২৪৫০টি টোটো রয়েছে। এই পদ্ধতিতে টোটো চলাচল করলে যানজট সমস্যার অনেকটাই সুরাহা হবে বলে পুরসভা ও প্রশাসনের আধিকারিকরা মনে করছেন।

Advertisement

টোটোচালকদের একাংশ অবশ্য জোড়-বিজোড় পদ্ধতি মানতে নারাজ। পুরসভার সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার সকালে একদল টোটোচালক ঈদগাহ ময়দানে জমায়েত করেছিলেন। টোটোচালকদের একটা অংশ বিরোধিতার সুর চড়ালেও পুরসভা পিছু হটতে নারাজ। চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, টোটো ইউনিয়নের সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। জোড়-বিজোড় পদ্ধতি এদিন থেকেই কার্যকর হবে। কোনও টোটোচালক নিয়ম না মানলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
সিউড়ি শহরে যানজটের অন্যতম কারণ টোটো। বেলাগাম টোটোর গতিতে রাশ টানতে মহকুমা প্রশাসনের সহযোগিতায় এবছর ৫ ফেব্রুয়ারি থেকে পুরসভা রেজিস্ট্রেশনপ্রাপ্ত টোটোয় কিউআর কোড লাগানো শুরু করেছিল। ওই মাসের মধ্যেই কাজ শেষের সিদ্ধান্ত নিয়েছিল পুরসভা। যদিও ওই সময়ের মধ্যে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সমস্ত টোটো কিউআর কোডের আওতায় না আসায় কাজের মেয়াদ বাড়ানো হয়। পুরসভা একাধিক সময়ে অভিযোগ তুলেছিল, চালকদের একাংশের উদাসীনতার জেরেই জোড়-বিজোড় নিয়ম চালু করা সম্ভব হচ্ছিল না। সেজন্য পুরসভার পাশাপাশি টোটো ইউনিয়নের তরফে চালকদের সচেতনও করা হয়। শেষ অবধি পুরসভা এই নিয়ম চালু করতে চলেছে। এই পরিস্থিতিতে টোটোচালকরা পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন।
টোটোচালক সুশান্ত অধিকারী বলেন, একদিন টোটো চালাব। আর একদিন ঘরে বসে থাকব। এভাবে আমাদের সংসার চলবে? পুরসভার এই নিয়ম আমাদের পক্ষে মানা সম্ভব হবে না। আমরা রোজ টোটো নিয়ে বেরতে চাই। শেখ আজিজুল বলেন, শহরের রাস্তায় গ্রামের টোটো ঢুকে ভিড় বাড়াচ্ছে। ওই টোটো শহরে ঢুকতে না দিলেই যানজট সমস্যা অনেকটা কমে যাবে। আর শুধু টোটোর কারণেই যানজট হচ্ছে-এমনটা নয়। প্রশাসনের এবিষয়ে একটু চিন্তাভাবনা করা প্রয়োজন।
সিউড়ি শহর টোটো ইউনিয়নের সভাপতি রাজিবুল ইসলাম অবশ্য পুরসভার সিদ্ধান্তে সহমত পোষণ করেছেন। তিনি বলেন, শহরের স্বার্থে পুরসভার সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি। কিছু চালকের মধ্যে ভুল বার্তা গিয়েছে। তাঁদের সঙ্গে আমরা কথা বলব। জোড়-বিজোড় পদ্ধতি চালু হওয়ার পর আমরা ফের আলোচনায় বসব।

Advertisement
সম্পর্কিত সংবাদ