Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ব্যালন ডি’ওর জিতে অকপটে ফরাসি তারকা, মেসি-ইনিয়েস্তার পাশে খেলা বড় প্রাপ্তি: ডেম্বেলে

চোট ছিল তাঁর নিত্য সঙ্গী। এমনকী, মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের জেরে একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল ওসুমানে ডেম্বেলেকে।

ব্যালন ডি’ওর জিতে অকপটে ফরাসি তারকা, মেসি-ইনিয়েস্তার পাশে খেলা বড় প্রাপ্তি: ডেম্বেলে
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

প্যারিস: চোট ছিল তাঁর নিত্য সঙ্গী। এমনকী, মাঠের বাইরে বিভিন্ন কার্যকলাপের জেরে একাধিকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছিল ওসুমানে ডেম্বেলেকে। একটা সময় তাঁর ফুটবল কেরিয়ার নিয়েও দেখা দিয়েছিল প্রশ্নচিহ্ন। এমন পরিস্থিতিতে নিজেকে প্রমাণ করতে ২০২৪ সালে বার্সেলোনা ছেড়ে স্বদেশি ক্লাব পিএসজি’তে যোগ দেন এই ফরাসি উইঙ্গার। আর এক বছর ঘুরতে না ঘুরতেই বদলে যায় তাঁর জীবন। ক্লাব ইতিহাসে প্রথম উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ সহ ত্রিমুকুট জয়ের অন্যতম নায়ক ছিলেন ২৬ বছর বয়সি ডেম্বেলে। আর তারই পুরস্কার স্বরূপ, ২০২৫ সালের ব্যালন ডি’ওর জিতলেন তিনি। সোমবার প্যারিসে তাঁর হাতে বর্ষসেরা ফুটবলারের ট্রফি তুলে দেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো। আর ষষ্ঠ ফরাসি ফুটবলার হিসেবে এই খেতাব জিতেই প্রাক্তন সতীর্থ লায়োনেল মেসির প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি ডেম্বেলে। বলেন, ‘বার্সেলোনায় মতো সেরা ক্লাবে খেলা কেরিয়ারের সবচেয়ে বড় প্রাপ্তি। আমি সৌভাগ্যবান যে, মেসি-ইনিয়েস্তার মতো কিংবদন্তির পাশে খেলেছি। একইসঙ্গে আমার বর্তমান ক্লাব পিএসজি’র প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানাতে চাই।’

Advertisement

ব্যালন ডি’ওর জয়ের পর ডেম্বেলেকে অভিনন্দন জানিয়েছেন মেসি, এমবাপেরা। ইনস্টাগ্রামে লিও লেখেন, ‘অভিনন্দন ওয়াস, তোমার জন্য গর্বিত। তুমি এই পুরস্কারের যোগ্য।’ পাশাপাশি এমবাপে লেখেন, ‘বন্ধু, তোমার জন্য গর্বিত।’  
বর্ষসেরার দৌড়ে ডেম্বেলের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লামিনে ইয়ামাল। তবে বর্ষসেরার তালিকায় রাফিনহার পঞ্চম স্থানে শেষ করাটা অনেককেই অবাক করেছে। এই নিয়ে সরাসরি আয়োজকদের একহাত নিয়েছেন নেইমার। তিনি বলেন, ‘গত মরশুমটা রাফিনহার দুর্দান্ত কেটেছে। তারপর ও কীভাবে পঞ্চম স্থানে শেষ করে? এটা দেখে আমি সত্যিই হতাশ।’ উল্লেখ্য, মহিলাদের বিভাগে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার আইতানা বোনমাতি। সেরা উদীয়মান ফুটবলার হয়েছেন বার্সেলোনার ইয়ামাল। বর্ষসেরা কোচ লুইস এনরিকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ