Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মাসে ১২ শতাংশ সুদের টোপ দিয়ে কোটি টাকা তুলে প্রতারণা

মাসে ১২শতাংশ সুদের লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল কোলাঘাটের এক যুবকের বিরুদ্ধে

মাসে ১২ শতাংশ সুদের টোপ দিয়ে কোটি টাকা তুলে প্রতারণা
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: মাসে ১২শতাংশ সুদের লোভ দেখিয়ে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠল কোলাঘাটের এক যুবকের বিরুদ্ধে। প্রতারিতের তালিকায় ডাক্তার সহ অনেকেই আছেন। রবিবার হাওড়া জেলা হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক আশুতোষ মাল ওই যুবকের বিরুদ্ধে তমলুক থানায় ১০লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। আশুতোষবাবুর বাড়ি তমলুক ব্লকের যশডম্বুর গ্রামে। তিনি তমলুক পুরসভার ৪নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বিমল ভৌমিকের জামাই। অভিযোগ দায়ের হতেই তদন্ত শুরু করেছে পুলিস। তমলুক থানার আইসি সুভাষচন্দ্র ঘোষ বলেন, অভিযোগ দায়ের হয়েছে। তার ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

জানা গিয়েছে, কোলাঘাট ব্লকের পুলসিটা পঞ্চায়েতের পাথুরিয়া গ্রামের দেবপ্রসাদ দিণ্ডা অনলাইন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে মাসে ১২শতাংশ সুদ দেওয়ার টোপ দিয়েছিল। এই প্রলোভনে পড়েছিলেন চিকিৎসক আশুতোষবাবু সহ আরও অনেকে। ওই চিকিৎসকের দাবি, তিনি মোট ১০লক্ষ টাকা দিয়েছেন। রিটার্ন বাবদ ১লক্ষ ১৪হাজার হাজার টাকা ফেরত পেয়েছেন। ২০২৪সালে ৮অক্টোবর সুদ হিসেবে ওই টাকা দেওয়া হয়। তারপর থেকেই অভিযুক্ত ধরাছোঁয়ার বাইরে। কোনওভাবেই সে টাকা ফেরত দিচ্ছে না। বাধ্য হয়ে থানায় এফআইআর করেছেন।
জানা গিয়েছে, এর আগেও অভিযুক্ত দেবপ্রসাদ চিটফান্ড সংস্থার এজেন্ট হিসেবে কাজ করত। সারদা, রোজভ্যালির মতো চিটফান্ড ডুবে যাওয়ার পর প্রতারিত আমানতকারীরা টাকা ফেরত চেয়ে তার বাড়িতে এসেছিলেন। ওই ইস্যু থিতিয়ে যাওয়ার পর অভিযুক্ত নতুন মোড়কে আবারও একই কারবার শুরু করে। এবার অনলাইনে মাসে ১২শতাংশ রিটার্নের বিজ্ঞাপন দিয়ে কারবার শুরু করে। তাতেই বিভিন্ন পেশার মানুষজন আকৃষ্ট করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেন। তারপর তাঁরা প্রতারিত হন। 
এর আগে নন্দীগ্রাম-২ ব্লকের রেয়াপাড়ার বাসিন্দা অনুপকুমার দাসী নামে এক যুবক একই কায়দায় কয়েক কোটি টাকা হাতিয়ে বেপাত্তা। প্রতি লক্ষ টাকায় মাসে ২১হাজার টাকা রিটার্ন দেওয়ার টোপ দিয়ে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। হলদিয়ার চৈতন্যপুর, চণ্ডীপুর, এগরা, মহিষাদল এবং হাওড়ার শ্যামপুরে অফিস খুলে কয়েক কোটি টাকা তোলার পর রাতারাতি বেপাত্তা অভিযুক্ত। আপাতত সব অফিসে ঝাঁপ পড়েছে। গত ২৩মার্চ ক্ষুব্ধ আমানতকারীরা রেয়াপাড়ায় তার বাড়িতে ভাঙচুর চালান।
কোলাঘাটের পুলশিটা পঞ্চায়েতের পাথুরিয়া গ্রামের পঞ্চায়েত সদস্য বিজেপির মোহন নায়েক বলেন, দেবপ্রসাদ একসময় চিটফান্ডের এজেন্ট ছিল। সারদা, রোজভ্যালি কাণ্ডের পর অনেকেই টাকা ফেরত চেয়ে তার বাড়িতে হাজির হয়েছিলেন। ইদানীং অনলাইনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার নামে লোকজনের কাছ থেকে টাকা তুলেছে বলে খবর। এত সচেতনতার পরও মানুষজন লোভের বশে টাকা দিচ্ছেন। এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু হয় না। অভিযোগকারী চিকিৎসক আশুতোষ মাল বলেন, প্রতি মাসে ১২শতাংশ রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। একেবারে বিজ্ঞাপন দিয়ে এই ব্যবসায় নেমেছিল। আমরা তাতে প্রভাবিত হয়ে ঠকে গিয়েছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ