আমেদাবাদ: গুজরাত অ্যান্টি টেরর স্কোয়াডের জালে ‘আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের’ (একিউআইএস) চার জঙ্গি। জানা গিয়েছে, ধৃতরা প্রত্যেকেই ভারতীয়। নিষিদ্ধ জঙ্গি সংগঠনের অংশ হিসেবে ভারতে নাশকতার ছক কষছিল তারা। আমেদাবাদ থেকে ফারদিন শেখ, দিল্লির চাঁদনিচক থেকে মহম্মদ ফেইক, নয়ডা থেকে জাসিন আলি ও সাফিউল্লাহ কুরেশিকে গুজরাত থেকে গ্রেপ্তার করা হয়েছে। এটিএসের বিবৃতিতে বলা হয়েছে,‘একিউআইএসের সঙ্গে যুক্ত সন্ত্রাস মডিউল ধ্বংস করেছে গুজরাত এটিএস।’ অভিযোগ, ধৃতরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখত। গ্রেপ্তারির পর তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খতিয়ে দেখছে পুলিস। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তাদের গ্রেপ্তার করে এটিএস।
অভিযুক্তদের বয়স ২০-২৫ এর মধ্যে। দীর্ঘদিন ধরেই তারা আল কায়েদার সদস্য। সূত্রের দাবি, নাশকতার পাশাপাশি ভারতে ‘গজওয়া-ই-হিন্দ’ স্থাপনের চেষ্টা চালাচ্ছিল এই জঙ্গিরা। তাদের মূল উদ্দেশ্য ছিল, যুবকদের মনে জেহাদি মনোভাবের জন্ম দেওয়া। যাতে কমবয়সি যুবকরা নাশকতার কাজে উৎসাহ পায়। তবে ভারতের বুকে আল কায়েদার জঙ্গি গ্রেপ্তারের ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালে এই একই জঙ্গি সংগঠনের চারজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছিল এটিএস। এদিকে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন বব্বর খালসার সঙ্গে যুক্ত এক ওয়ান্টেড ক্রিমিনালকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিস। অভিযোগ, পাঞ্জাবের বাটলার এক থানায় গ্রেনেড হামলা সহ একাধিক অপরাধের সঙ্গে জড়িয়ে আছে ধৃতের নাম।