Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বিজেপি ছেড়ে তৃণমূলে চা বলয়ের দাপুটে নেতা তথা প্রাক্তন সাংসদ জন বারলা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে জোর ধাক্কা বিজেপিতে

বিজেপি ছেড়ে তৃণমূলে চা বলয়ের দাপুটে নেতা তথা প্রাক্তন সাংসদ জন বারলা
  • ১৫ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের আগে জোর ধাক্কা বিজেপিতে। আজ, বৃহস্পতিবার তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ তথা চা বলয়ের দাপুটে নেতা জন বারলা। এদিন তৃণমূল ভবনে এসে মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুব্রত বক্সীর হাত ধরে ঘাসফুলে যোগ দেন জন বারলা। যার ফলে উত্তরবঙ্গে তথা চা বলয়ে আরও শক্তি বাড়াল তৃণমূল। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। কারণ চা বলয়ে অতি পরিচিত মুখ হলেন জন বারলা। আলিপুরদুয়ারের সাংসদও ছিলেন। এমনকী প্রাক্তন কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পদেও ছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালে তাঁকে আর আলিপুরদুয়ার থেকে টিকিট দেয়নি বিজেপি।

Advertisement

তারপর থেকেই দলের সঙ্গে দূরত্ব বেড়ে যায় জন বারলার। গত বছরে কালচিনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন তিনি। তখনই একপ্রকার নিশ্চিত ছিল যে জন বারলা পদ্মফুল ছেড়ে ঘাসফুল শিবিরে আসছেন। আজ, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছেন তিনি। এদিন নিজের প্রাক্তন দল বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ বলেন, ‘৭ মাস আগের থেকে কথা চলছিল। দিদি ফোন করেছিলেন। আমি চেয়েছিলাম চা বাগান নিয়ে কাজ করতে। মন্ত্রীও হয়েছিলাম। তবে বিজেপিতে থেকে কাজ করতে গিয়ে সবসময় বাধা পেয়েছি। রেলের সঙ্গে কথা বলে একটি হাসপাতাল তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা তাতে বাধা দেন। জনতার আশীর্বাদে জিতেছিলাম তবে বিজেপির কিছু নেতা বাধা দেওয়ায় কোনও কাজ করতে পারিনি। হাসপাতালের জন্য জমি চিহ্নিতকরণের কাজও হয়ে গিয়েছিল। শুধু বাকি ছিল মউ স্বাক্ষরের। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা সোজা রেলমন্ত্রকে ফোন করেন। কাজে বাধা দেন। কাজ করতেই দিতেন না। তাহলে কেন এই দল করব যে আমাকে কাজে বাধা দেয়? আমার দলই আমাকে অপমান করেছে। উন্নয়নের কাজ করতে দিত না। আর বিজেপি এখন আদিবাসীদের মধ্যেও ভেদাভেদ করছে। তাই উন্নয়নে সামিল হতে তৃণমূলে যোগ দিলাম। ২০০৭ সাল থেকে চা বাগানের পাট্টার জন্য লড়াই করছেন শ্রমিকরা। কিন্তু পাননি।

মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর চা বাগানের জন্য অনেক কিছু করেছেন। জমির পাট্টাও দিয়েছেন।’ বছর ঘুরলেই রাজ্য বিধানসভার ভোট। তার আগে উত্তরবঙ্গ বিশেষ করে চা বলয় থেকে একজন দাপুটে বিজেপি নেতাকে দলে যোগদান করিয়ে গেরুয়া শিবিরে বড় ধাক্কা দিয়েছে ঘাসফুল শিবির। মত রাজনৈতিক মহলের। এদিনের যোগদান পর্বে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, ‘আজকে থেকে উইকেট পড়া শুরু হল।’ তাহলে জন বারলার পর লাইনে আরও কেউ আছেন নাকি? প্রশ্ন রাজনৈতির মহলে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ