কৌশিক ঘোষ, কলকাতা: পরিবার আর্থিকভাবে সচ্ছল। তাই বাতিল হওয়া উচিত তাঁদের রেশন কার্ড। এমন ৩৫টি কার্ড চিহ্নিত করেছে রাজ্য খাদ্যদপ্তর। ওই গ্রাহকদের সম্পর্কে সরেজমিনে তদন্ত রিপোর্ট চায় সরকার। তাই জেলা পর্যায়ের ফুড অফিসার এবং ডিরেক্টর অব রেশনিংকে ফিল্ড এনকোয়ারি রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি খাদ্যদপ্তরের পর্যালোচনা বৈঠকের আলোচ্যসূচিতে বিষয়টি ছিল। যে ৩৫ জন রেশন গ্রাহক সম্পর্কে তদন্ত করতে বলা হয়েছে, তাঁরা সকলেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের (এনএফএসএ) অন্তর্গত।
খাদ্যদপ্তর সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের নির্দেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রক ইতিমধ্যেই সচ্ছল রেশন গ্রাহকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে। এই ব্যাপারে আয়কর দপ্তরের সাহায্য নেওয়া হচ্ছে। এনএফএসএ গ্রাহকদের খাদ্যের খরচের প্রায় পুরোটাই কেন্দ্র বহন করে। এই পরিস্থিতিতে এনএফএসএ গ্রাহকদের আর্থিক অবস্থা খতিয়ে দেখতে প্রাথমিকভাবে নমুনা সমীক্ষা শুরু করেছে রাজ্য খাদ্যদপ্তর। এমন উদ্যোগ এই প্রথম। রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেছেন, কেন্দ্রীয় সরকার বিভিন্ন অজুহাতে রেশন গ্রাহকদের সংখ্যা ছেঁটে খরচ কমাতে চাইছে।
রেশন কার্ড ইস্যুর আগে ব্যক্তি/পরিবারের আর্থ-সামাজিক পরিস্থিতি খতিয়ে দেখার কথা। শহর ও গ্রামাঞ্চলে তার নির্দিষ্ট মাপকাঠি রয়েছে। পাশাপাশি রেশন কার্ড বাতিলেরও একাধিক আর্থ-সামাজিক মাপকাঠি নির্দিষ্ট করা হয়েছে। যেমন শহর এলাকায় কোনও ব্যক্তি তিনটি বা তার বেশি ঘরের পাকাবাড়িতে বসবাস করলে, তাঁর চারচাকার গাড়ি, এসি মেশিন, ইন্টারনেট-যুক্ত কম্পিউটার বা ল্যাপটপ প্রভৃতি থাকলে তিনি ‘অটো এক্সক্লুশন’-এর আওতায় পড়ে যাবেন। এই নির্দেশ অনুসারে, বাড়িতে ফ্রিজ, ল্যান্ডলাইন টেলিফোন, ওয়াশিং মেশিন, টু হুইলারের মধ্যে অন্তত দুটি থাকলে রেশন কার্ড মিলবে না। স্থায়ী সরকারি কর্মী-আধিকারিক, আয়করদাতারাও এই পংক্তিতে পড়বেন। গ্রামাঞ্চলে অটো এক্সক্লুশন নিয়মের মধ্যে পড়ছে: পরিবারের ন্যূনতম আড়াই একর জমি এবং কারও ১৫ হাজার টাকার বেশি মাসিক আয়।
খাদ্যদপ্তরের বৈঠকের কার্যবিবরণীতেও উল্লেখ করা হয়েছে, যে ৩৫টি কার্ড সমীক্ষার জন্য নির্দিষ্ট করা হয়েছে, সেগুলি রাজ্য নির্ধারিত ‘এক্সক্লুশন’ মাপকাঠিতে পড়ে যাচ্ছে। আড়াই একরের বেশি জমি থাকা, বাৎসরিক আয় ১ লক্ষ ৮০ হাজার টাকা (মাসে ১৫ হাজার), ছোট গাড়ির মালিক এমন শ্রেণিভুক্ত ১০টি করে মোট ৩০টি কার্ড চিহ্নিত হয়েছে। কোম্পানি ডিরেক্টর পদে আসীন ব্যক্তিদেরও পাঁচটি কার্ড চিহ্নিত হয়েছে।