Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

সেমি-ফাইনালেও ব্রুজোঁর প্রথম একাদশে পাঁচ বিদেশি, আজ গোয়ায় পা রাখছে পাঞ্জাব এফসি

সুপার কাপ সেমি-ফাইনালের আগে জয় গুপ্তার চোট নিয়ে আশঙ্কায় লাল-হলুদ সমর্থকরা।

সেমি-ফাইনালেও ব্রুজোঁর প্রথম একাদশে পাঁচ বিদেশি, আজ গোয়ায় পা রাখছে পাঞ্জাব এফসি
  • ২ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপ সেমি-ফাইনালের আগে জয় গুপ্তার চোট নিয়ে আশঙ্কায় লাল-হলুদ সমর্থকরা। গোয়ায় অনুশীলনে পায়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। সোমবার ডন বস্কোর মাঠের অনুশীলনেও গরহাজির ভারতীয় উইং ব্যাক। তবে খবর নিয়ে জানা গেল, সেমি-ফাইনালে জয়ের খেলার ব্যাপারে আশাবাদী ম্যানেজমেন্ট। কোচের পরামর্শে এদিন টিম হোটেলেই বিশ্রামে ছিলেন তিনি। আইস প্যাক ট্রিটমেন্ট চলেছে। মঙ্গলবার তাঁকে অনুশীলনে দেখে সিদ্ধান্ত নেবেন কোচ। একান্তই জয় খেলতে না পারলে সেক্ষেত্রে লালচুংনুঙ্গাকে উইং-ব্যাকে খেলানো হবে।

Advertisement

পরিসংখ্যানের নিরিখে, বৃহস্পতিবার ফাতোরদার নেহরু স্টেডিয়ামে ফেভারিট হিসেবেই নামবে অস্কার-ব্রিগেড। মুখোমুখি সাক্ষাতে অনেকটাই এগিয়ে লাল-হলুদ দল। এখনও পর্যন্ত ১২বারের মধ্যে ইস্ট বেঙ্গল জিতেছে ছ’টি ম্যাচ। সেখানে পাঞ্জাব মাত্র দু’টি। বাকি চারটি ম্যাচ ড্র। যদিও চলতি মরশুমে প্যানাজিওটিস ডিলম্পেরিসের দল দুরন্ত ফর্মে। শেষ চারের লড়াইয়ের আগে নতুন বিদেশি বেদে ওসুজি শিবিরে যোগ দিয়েছেন। তাতে অবশ্য চিন্তিত নন ইস্ট বেঙ্গলের কোচ। টিমে কোনও ধরনের নেতিবাচক চিন্তা আসতে দিতে নারাজ অস্কার। তাঁর একটাই মিশন, সুপার কাপ পুনরুদ্ধার। সেমি-ফাইনালে পাঞ্জাব বধের নকশা তৈরি করে ফেলেছেন তিনি। যা ইঙ্গিত, পাঁচ বিদেশিতেই প্রথম একাদশ সাজাচ্ছেন কোচ। সুযোগ যদিও রয়েছে ছয় বিদেশি খেলানোর। তবে ব্রুজোঁ তাঁর স্বভাবসিদ্ধ সিঙ্গল স্ট্রাইকারেই দল নামাবেন। সেক্ষেত্রে ছটপটে হামিদই তাঁর প্রথম পছন্দ। পরিবর্ত হিসেবে হয়তো ব্যবহার করবেন হিরোশিকে। আর মাঝমাঠে রশিদ, মিগুয়েল ও সাউল ক্রেপসোর ত্রয়ী। রক্ষণভাগে আনোয়ারের জুটি সিবলে। এদিন সিচুয়েশন প্র্যাকটিসেও এই কম্বিনেশন ঝালিয়ে নিলেন তিনি। ওয়ার্ম-আপের পর প্লেয়ারদের দুই দলে ভাগ করে বেশ কিছুক্ষণ চলল পাসিং প্র্যাকটিস। শেষে সেটপিসের মহড়াও সারলেন আনোয়ার, হিরোশিরা। অনুশীলন শেষে থংবই সিংটোর সঙ্গেও আলোচনাও করতেও দেখা গেল তাঁকে। মাঠ ছাড়ার সময় ব্রুজোঁ বলছিলেন, ‘পাঞ্জাব যথেষ্ট শক্তিশালী দল। ওরা নতুন বিদেশি নিয়েছে, সেটাও জানি। তবে প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নই। ফুরফুরে মেজাজেই রয়েছে সবাই। আমাদের একটাই লক্ষ্য, খেতাব জেতা।’
সেমি-ফাইনাল খেলতে পাঞ্জাব এফসি মঙ্গলবার গোয়ায় পৌঁছে যাবে। পূর্ণ শক্তির দল নিয়েই যুদ্ধের ঘুঁটি সাজাচ্ছেন কোচ প্যানাজিওটিস ডিলম্পেরিস। তবে কার্ড সমস্যায় শেষ চারের ম্যাচে দুই উইং-ব্যাককে পাচ্ছেন না তিনি। যা পাঞ্জাবের চিন্তার কারণ।

Advertisement
সম্পর্কিত সংবাদ