Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্ক স্ট্রিটে বহুতলে আগুন পুড়ে ছাই প্রসিদ্ধ মিষ্টির দোকান, আতঙ্ক-যানজট

লোকজন পথে বেরিয়ে আসেন। সকলের মনে তখন স্টিফেন কোর্টের আগুনের স্মৃতি।

পার্ক স্ট্রিটে বহুতলে আগুন পুড়ে ছাই প্রসিদ্ধ মিষ্টির দোকান, আতঙ্ক-যানজট
  • ১৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পার্ক স্ট্রিটে ফিরল আগুন-আতঙ্ক। শুক্রবার বেলা ১২টা ৪০ মিনিটে আচমকা পার্ক স্ট্রিটে একটি বহুতলের নীচে থাকা একটি নামকরা মিষ্টি, স্নাক্স প্রস্তুতকারক সংস্থার দোকানে আগুন লাগে। ঘণ্টাখানেকের চেষ্টায় দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এসি থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করছে দমকল কর্তৃপক্ষ। তবে প্রায় গোটা দোকান পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ঘটনায় কেউ আহত না হলেও ভরদুপুরে এই অগ্নিকাণ্ডের জেরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। পার্ক স্ট্রিটের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। লোকজন পথে বেরিয়ে আসেন। সকলের মনে তখন স্টিফেন কোর্টের আগুনের স্মৃতি। 

Advertisement

এদিন পার্ক হোটেলের উলটোদিকে শহরের নামকরা ওই মিষ্টির দোকানের হোর্ডিংয়ের ফাঁক দিয়ে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। বিষয়টি আন্দাজ করে দ্রুত দোকানের কর্মী এবং গ্রাহকরা রাস্তায় বেরিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকলে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। ওই বহুতলের পিছনের অংশ দিয়েও কালো ধোঁয়া বেরতে দেখা যায়। ফলে বহুতলের পিছনের দিক দিয়েও আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলের কর্মীরা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। দমকল আধিকারিক দীপক শর্মা বলেন, কোনও হতাহতের ঘটনা নেই। আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে। রান্নাঘরের পাশে থাকা এসি থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। তবে,  বিষয়টি তদন্ত সাপেক্ষ। ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরিমাণ বলা সম্ভব নয়। অন্যদিকে, এই ঘটনায় পার্ক হোটেলের সামনের ব্যস্ত রাস্তায় যানজট তৈরি হয়। পুলিস ব্যারিকেড করে ওই রাস্তা আটকে দেয়। তবে, আগুন নিয়ন্ত্রণে আসতেই যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এই এলাকায় একাধিক নামী রেস্তোরাঁ, দোকান ও অফিস রয়েছে। ফলে আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা হতে পারত। এই আশঙ্কায় আতঙ্ক সৃষ্টি হয়। সকলেই প্রাণভয়ে, আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। এই পার্ক স্ট্রিটে স্টিফেন কোর্টে অগ্নিকাণ্ডের স্মৃতি এখনও আমজনতার চোখে ভাসে। ফলে স্বাভাবিকভাবে এদিনের ঘটনাতেও তেমন আতঙ্ক তৈরি হয়েছিল। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ