Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

মিন্টো পার্কের বহুতলে আগুন, আতঙ্ক, এজেসি বোস ফ্লাইওভারে উঠে নিয়ন্ত্রণ করলেন দমকল কর্মীরা

মেছুয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ আবাসিকের দম আটকে মৃত্যু হয়েছিল। এবার ফের শহরের এক বহুতলে আগুন। মিন্টো পার্কের কাছে কৃষ্ণা বিল্ডিংয়ে শনিবার দুপুর আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মিন্টো পার্কের বহুতলে আগুন, আতঙ্ক, এজেসি বোস ফ্লাইওভারে উঠে নিয়ন্ত্রণ করলেন দমকল কর্মীরা
  • ১৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেছুয়ার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ আবাসিকের দম আটকে মৃত্যু হয়েছিল। এবার ফের শহরের এক বহুতলে আগুন। মিন্টো পার্কের কাছে কৃষ্ণা বিল্ডিংয়ে শনিবার দুপুর আড়াইটে নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১০ তলা এই অফিস বাড়ির পাঁচতলায় আগুন ধরে যায়। দমকলের সাতটি ইঞ্জিন প্রায় ঘণ্টা দেড়েকের চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। হতাহতের কোনও খবর নেই। 

Advertisement

জানা গিয়েছে, এজেসি বোস ফ্লাইওভারের উপর দিয়ে যাওয়ার সময় পাঁচতলার জানলার বাইরে বসানো একটি এসি থেকে ধোঁয়া বের হতে দেখেন কয়েকজন। ধোঁয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় বহুতলের মধ্যে থাকা মানুষরা টের পান। অনেকে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন। খবর পেয়ে প্রাথমিকভাবে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। কিন্তু বাড়ির সামনের অংশজুড়ে ফ্লাইওভার থাকায় রাস্তা থেকে পাঁচতলার আগুনের উৎসস্থলে পৌঁছতে কালঘাম ছোটে দমকলের। ততক্ষণে আগুন বেড়ে যায়। গলগল করে বেরতে থাকে ঘন কালো ধোঁয়া। পুড়ে গিয়ে এসি মেশিনের বিভিন্ন অংশ ভেঙে পড়তে শুরু করে। এজেসি বোস ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের একাংশ বন্ধ করে দেয় পুলিস। আগুন ছড়িয়ে পড়া রুখতে ফ্লাইওভারে ওঠে দমকলের চারটি ইঞ্জিন। সেখান থেকে সরাসরি আগুনের উৎসস্থলে জল দিয়ে নিয়ন্ত্রণে আনা হয়। এরপর বিকেল সাড়ে চারটে নাগাদ ফ্লাইওভারে যান চলাচল স্বাভাবিক হয়। সন্ধ্যা পর্যন্ত এজেসি বোস ফ্লাইওভারের এই অংশে ছড়িয়ে ছিল পোড়া গন্ধ। প্রাথমিকভাবে দমকলের অনুমান, এয়ার কন্ডিশনার নিয়মিত সার্ভিস না হওয়ার জেরে আগুন লেগেছে। জানা গিয়েছে বহুতলটির প্রায় আটটি এসির আউটডোর ইউনিট সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে গিয়েছে।  নিজস্ব চিত্র 

Advertisement
সম্পর্কিত সংবাদ