নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকায় কারচুপি মামলায় চার অফিসারকে সাসপেন্ড করেছে নবান্ন। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে। নির্বাচন কমিশনের এই দুই নির্দেশ রাজ্য মেনে নিলেও তাঁদের বিরুদ্ধে এফআইআর করার সিদ্ধান্ত এখনও কার্যকর করেনি। এনিয়ে কৌতূহল চরমে। সূত্রের খবর, নির্দেশ ‘আংশিক’ কার্যকর করার পর কমিশনকে দেওয়া মুখ্যসচিব মনোজ পন্থের চিঠিতে সাফ জানানো হয়েছে, এফআইআরের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আরও কিছুটা সময় প্রয়োজন। এই পদক্ষেপ এই মুহূর্তে করা সম্ভব নয়। পর্যবেক্ষক মহলের মতে, এর অর্থ এফআইআর করা হবে না, রাজ্যের তরফে এমন কিছু জানানো হয়নি। এই পরিস্থিতিতে কমিশন রাজ্যকে কী জানায়, সেদিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট মহল। কমিশনের ফুল বেঞ্চ সাধারণত সপ্তাহে দু’দিন বসে। ফলে শনিবার কমিশনের তরফে কিছু না জানানো হলে, তা পরের সপ্তাহে আসতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।



