ইসলামাবাদ: ভারত-পাকিস্তান সংঘাতের আবহে চর্চায় প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে বিভিন্ন মামলায় জড়িয়ে রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেলে রয়েছেন তিনি। দু’দেশের উত্তেজনার মধ্যে এবার প্রাক্তন প্রধানমন্ত্রীর মুক্তির দাবিতে সরব হয়েছে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলের দাবি, জেলে প্রাণের ঝুঁকি রয়েছে দলনেতার। সেখানে ড্রোন হামলা হতে পারে বলে দাবি। শুক্রবার ইমরানের মুক্তির দাবিতে আদালতে পিটিশন দাখিল করেছে পিটিআই। ইসলামাবাদ হাইকোর্টে এব্যাপারে আবেদন করেছেন খাইবার পাখতুনওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী তথা পিটিআই নেতা সর্দার আলি আমিন খান। রাজনৈতিক স্বার্থে ইমরানকে আটকে রাখা হয়েছে বলে তিনি যুক্তি দেন। পিটিআই এক হোয়াটসঅ্যাপ বার্তায় জানিয়েছে, ভারতের সঙ্গে বর্তমান পরিস্থিতি বিবেচনা করা উচিত। জেলে প্রাণের ঝুঁকি রয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীর। জাতীয় ঐক্যের স্বার্থে ৭২ বছর বয়সি ইমরানকে প্যারোলে মুক্তি দেওয়া উচিত। তবে আদালত মামলাটি শুনলেও শুনানির দিনক্ষণ ধার্য করেনি। ভারতের অপারেশন সিন্দুরের পর থেকে পাকিস্তানের রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রাস্তায় নেমে ইমরানের মুক্তির দাবিতে সরব হয়েছেন পিটিআইয়ের সমর্থকরা। ইমরানের হাত দেশ নিরাপদ বলে তাঁরা স্লোগান দিতে থাকেন। ইমরানের বোন আলিমা খান শাহবাজ শরিফ সরকারকে একহাত নিয়ে বলেন, রাওয়ালপিণ্ডি পর্যন্ত কীভাবে ড্রোন পৌঁছে গেল? আপনারা কি ঘুমোচ্ছিলেন? যদিও ইমরানের মুক্তির ব্যাপারে মন্তব্য করতে নারাজ শরিফ সরকার।



