Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শীঘ্রই শস্যবিমার টাকা পাবেন কৃষকরা, খরিফ মরশুমের প্রস্তুতি শুরু নবান্নের

শীঘ্রই বাংলা শস্যবিমার টাকা ছাড়তে চলেছে নবান্ন। সূত্রের খবর, কয়েক মাস আগে বর্ষায় ক্ষতির মুখে পড়েছিলেন আলিপুরদুয়ার, বাঁকুড়া, দার্জিলিং, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলার কৃষক। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ফসলের।

শীঘ্রই শস্যবিমার টাকা পাবেন কৃষকরা, খরিফ মরশুমের প্রস্তুতি শুরু নবান্নের
  • ৯ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শীঘ্রই বাংলা শস্যবিমার টাকা ছাড়তে চলেছে নবান্ন। সূত্রের খবর, কয়েক মাস আগে বর্ষায় ক্ষতির মুখে পড়েছিলেন আলিপুরদুয়ার, বাঁকুড়া, দার্জিলিং, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলার কৃষক। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ফসলের। তাঁদেরই পাশে দাঁড়াতে চলেছে নবান্ন। কিছু দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের হাতে এই টাকা পৌঁছে দিতে ইতিমধ্যে রাজ্যের সদর দপ্তরে তৎপরতা শুরু হয়েছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, এই বিমার জন্য কৃষকদের একটি পয়সাও দিতে হয় না। প্রিমিয়ামের সমস্ত খরচই বহন করে রাজ্য। সেই সঙ্গে খরিফ মরশুমের চাষে যাতে কৃষকদের কোনওরকম সমস্যা না হয়, সেই লক্ষ্যে এখন থেকেই কোমর বাঁধছে নবান্ন। বুধবার নবান্নে সংশ্লিষ্ট সমস্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সচিব ওঙ্কার সিং মিনা ও দপ্তরের পদস্থ কর্তারা। জানা গিয়েছে, এই বৈঠকে নির্দিষ্ট সময়ের মধ্যে বীজ সরবরাহ থেকে শুরু করে কৃষকদের পর্যাপ্ত সার পাওয়া সুনিশ্চিত করার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় নিযুক্ত আধিকারিকদের এলাকায় ঘুরে ঘুরে পরিস্থিতির উপরে নজর রাখতে বলা হয়েছে। যাতে কোনওভাবেই সারের কালোবাজারি না হয়। কৃষকদের সার পাওয়ার ক্ষেত্রে যেন কোনওরকম সমস্যা এড়াতে নজরদারি বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। রাজ্যে সারের ঘাটতি কোনওভাবেই সহ্য করবে না নবান্ন। আর সেই কারণেই, বাংলাকে পর্যাপ্ত প্রয়োজনীয় সার সরবরাহের জন্য শীঘ্রই কেন্দ্রকে চিঠি দেওয়া হবে বলেও জানা গিয়েছে। এছাড়া, রাজ্যের কৃষকবন্ধুর মতো প্রকল্প নিয়েও বুধবারের বৈঠকে পর্যালোচনা হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ