নয়াদিল্লি ও ওয়াশিংটন: ট্যারিফ-যুদ্ধের হাত ধরে আমেরিকা-চীন বাণিজ্য-যুদ্ধের ক্ষেত্র তৈরি হয়েছে। চীন ইতিমধ্যেই ঘোষণা করেছে, তারাও আমেরিকা থেকে আসা পণ্যের উপর সমহারে ৩৪ শতাংশ অতিরিক্ত কর চাপাবে। প্রমাদ গুনছে ইউরোপ সহ বাকি বিশ্বও। সেই প্রেক্ষিতেই ভারতের উপর আমেরিকা যে ২৬ শতাংশ কর চাপিয়েছে, তার প্রভাব বুঝতে পরিস্থিতির উপর নজর রাখছে নয়াদিল্লি। সরকারি সূত্রে খবর, আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে চলতি আলোচনা চূড়ান্ত রূপ নেওয়ার পর পরিস্থিতির অনেকটাই উন্নতি হবে। সেই প্রেক্ষিতেই মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিয়েছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের পাশাপাশি ভিয়েতনাম ও ইজরায়েলের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সংক্রান্ত আলোচনার প্রক্রিয়াতেও নজর রাখছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে, শুল্ক যুদ্ধ শুরু হতেই দেশবাসীকে সতর্ক করলেন ট্রাম্প। তাঁর কথায়, ‘এটি একটি অর্থনৈতিক বিপ্লব। এতে আমরা জিতব।’ তবে কঠিন পরিস্থিতির জন্য আমেরিকাবাসীকে প্রস্তুত থাকার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট।



