Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / ব্যবসা

জুটছে না কাজ, এক মাসে ইপিএফও গ্রাহক কমল প্রায় লাখখানেক

মাত্র এক মাসের ব্যবধানে প্রায় লাখখানেক গ্রাহক কমল কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও)। ২২ লক্ষ থেকে কমে হল ২১ লক্ষ।

জুটছে না কাজ, এক মাসে ইপিএফও গ্রাহক কমল প্রায় লাখখানেক
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:০৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মাত্র এক মাসের ব্যবধানে প্রায় লাখখানেক গ্রাহক কমল কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও)। ২২ লক্ষ থেকে কমে হল ২১ লক্ষ। শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফওর পে-রোল ডেটায় তাই রীতিমতো উদ্বেগে কেন্দ্রের মোদি সরকার। কারণ উৎসবের মরশুমে ইপিএফওতে গ্রাহক অন্তর্ভুক্তি কমে যাওয়ার অর্থ, বেসরকারি সংস্থায় জুটছে না কাজ। শুধুই উৎসবের মরশুম নয়। সামনেই একাধিক রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন। মাস দু’য়েকের মধ্যেই ভোটের সম্ভাবনা বিহারে। আগামী বছরের গোড়াতেই বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ুর মতো রাজ্যে। কেন্দ্রের শাসক দল বিজেপির এই মুহূর্তে তাই শিয়রে সমন। এহেন পরিস্থিতিতে তাই ইপিএফওতে গ্রাহক অন্তর্ভুক্তি কমে যাওয়ায় যথেষ্টই চিন্তায় পড়েছে মোদি সরকার। 

Advertisement

মঙ্গলবার গত জুলাই মাসের ভিত্তিতে ইপিএফও পে-রোল ডেটা প্রকাশ করেছে শ্রমমন্ত্রক। সেখানে দেখা যাচ্ছে, সংশ্লিষ্ট মাসে সারা দেশে ইপিএফওতে প্রায় ২১ লক্ষ ৪ হাজার গ্রাহক অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে যেমন নতুন গ্রাহক রয়েছেন, তেমনই রি-জয়েনিংও রয়েছেন। অর্থাৎ, একবার ইপিএফও আওতার থেকে বেরিয়ে গিয়ে পুনরায় এই সামাজিক সুরক্ষা পরিষেবার অধীনস্থ হওয়া গ্রাহক। জুন মাসের পে-রোল ডেটা অনুযায়ী দেশে গ্রাহক অন্তর্ভুক্তির সংখ্যা ছিল প্রায় ২১ লক্ষ ৮৯ হাজার। অর্থাৎ, এক মাসের ব্যবধানে ইপিএফওর গ্রাহক অন্তর্ভুক্তির সংখ্যা সারা দেশে প্রায় ৮৫ হাজার কমে গিয়েছে। নতুন গ্রাহক অন্তর্ভুক্তিও মোটেও আশাব্যঞ্জক নয়। গত জুনে ইপিএফওতে নতুন গ্রাহক নথিভুক্ত হয়েছিলেন ১০ লক্ষ ৬২ হাজার। জুলাই মাসে তা কমে দাঁড়িয়েছে ৯ লক্ষ ৭৯ হাজারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ