নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২০ মরশুমে বেঙ্গালুরু এফসি থেকে লিয়েনে ইস্ট বেঙ্গলে যোগ দিয়েছিলেন এডমুন্ড লালরিনডিকা। তবে ডার্বিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন তিনি। চলতি মরশুমে তাঁকে সই করায় ইন্টার কাশী। হাবাসের কোচিংয়ে সেরাটা উজাড় করে দেন এই তরুণ ফুটবলার। এবার পুরনো ক্লাবেই ফিরছেন তিনি। ইস্ট বেঙ্গলের পথে এই মিজো ফুটবলার। ক্লাবের চক্তিতে যে কোনও মুহূর্তে সই করবেন তিনি। এদিকে, থিঙ্কট্যাঙ্ক আরও শক্তিশালী করতে প্রাক্তন ফুটবলার তুষার রক্ষিতকে সিনিয়র দলের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। অজাতশত্রু তুষার লাল-হলুদ জার্সিতে প্রায় দেড় দশক চুটিয়ে খেলেছেন। প্রয়াত সুভাষ ভৌমিকের আমলেও কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন ইস্ট বেঙ্গলের ছেলে তুষার। সূত্রের খবর, ইস্ট বেঙ্গলের কার্যকরী সমিতি তুষারকে আন্তরিকভাবে চায়। আপত্তি নেই লগ্নিকারী সংস্থার। ঠিক হয়েছে, কোচ অস্কার ব্রুজোঁ কলকাতায় ফিরলে তাঁর সঙ্গে আলোচনায় বসবেন তুষার।



