চেন্নাই: লুসিফার ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি এল ২: এমপুরান। মালয়ালম সুপারস্টার মোহনলাল অভিনীত এই সিনেমা নিয়ে শুরু থেকেই বিতর্ক। ইতিমধ্যেই সিনেমার বহু দৃশ্যে কাঁচি পড়েছে। এবার সিনেমার প্রযোজক গোকুলাম গোপালনের বাড়িতে হানা দিল ইডি। শুক্রবার তামিলনাড়ু ও কেরলে গোপালনের চিট ফান্ড সংস্থার একাধিক অফিসে তল্লাশি চালায় ইডি। আর সেইসূত্রেই নগদ দেড় কোটি টাকা উদ্ধার হয়েছে বলে দাবি। এর পাশাপাশি ছবির পরিচালক ও অভিনেতা পৃথ্বীরাজ সুকুমারনকেও নোটিস পাঠিয়েছে আয়কর দপ্তর। বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আইন (ফেমা)-এর আওতায় প্রায় ১০০০ কোটি টাকার তছরুপের তদন্ত চালাচ্ছে ইডি। সেইসূত্রেই শুক্রবার গোপালনের চিট ফান্ড সংস্থার অফিসগুলিতে অভিযান চালানো হয়েছে।



