নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপের সেমি-ফাইনাল খেলতে বৃহস্পতিবারই গোয়া পৌঁছল ইস্ট বেঙ্গল দল। আগামী ৪ ডিসেম্বর অস্কার-ব্রিগেডের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি। তাই এই সময় কাজে লাগাতে মরিয়া লাল-হলুদের স্প্যানিশ কোচ। কলকাতায় পুরোদমে অনুশীলন করার পর প্র্যাকটিস ম্যাচে টিম কম্বিনেশন পরখ করাই লক্ষ্য অস্কার ব্রুজোঁর। তাই শুক্রবার ডেম্পোর বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। উল্লেখ্য, সুপার কাপের গ্রুপ পর্বে এই ডেম্পোই আটকে দিয়েছিল ইস্ট বেঙ্গলকে।
সেমি-ফাইনালের আগে পুরো স্কোয়াডই মোটামুটি ফিট। তবে সমস্যা রয়েছে সাউল ক্রেসপোকে নিয়ে। কলকাতায় শেষ দু’দিন বল পায়ে অনুশীলন করলেও এখনও ম্যাচ ফিট নন তিনি। তবে লাল-হলুদ কোচকে মাঝমাঠে ভরসা দিচ্ছেন রশিদ এবং মিগুয়েল। আনোয়ার, সিবলের উপস্থিতিতে রক্ষণভাগও যথেষ্ট জমাট। কিন্তু ভেদশক্তির অভাব রয়েছে। হিরোশি, হামিদরা এখনও পর্যন্ত নিজেদের মেলে ধরতে ব্যর্থ। পক্ষান্তরে, শেষ চারের লড়াইয়ের আগে বসনিয়ার সমীর জেলজকোভিচকে সই করিয়ে চমক দিয়েছে পাঞ্জাব। এই মিডিও অতীতে ইউরোপা কনফারেন্স লিগ খেলেছেন। ইস্ট বেঙ্গলকে চ্যালেঞ্জ জানাতে মরিয়া পাঞ্জাব।