Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘হোম ভেন্যু’ নিয়ে ধীরে চলো নীতি ইস্ট বেঙ্গলের

উইং-ব্যাক আশিস রাইকে নিয়ে চিন্তা কাটছে না মোহন বাগান ম্যানেজমেন্টের। প্র্যাকটিসে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে এসিএল হয়নি।

‘হোম ভেন্যু’ নিয়ে ধীরে চলো নীতি ইস্ট বেঙ্গলের
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উইং-ব্যাক আশিস রাইকে নিয়ে চিন্তা কাটছে না মোহন বাগান ম্যানেজমেন্টের। প্র্যাকটিসে হাঁটুতে চোট পেয়েছিলেন তিনি। এমআরআই রিপোর্টে দেখা গিয়েছে এসিএল হয়নি। তবে চোট বেশ গুরুতর। তাই দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এই মণিপুরী ফুটবলার। চোট সারিয়ে পুরো সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ কয়েক সপ্তাহ কেটে যাবে। ফলে আইএসএলের শুরুতে বেশ কয়েকটি ম্যাচে আশিস রাইকে ছাড়াই দল সাজাতে হবে কোচ সের্গিও লোবেরাকে। বুধবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে দেড় ঘণ্টা গা ঘামালেন মনবীর, দিমিত্রিরা। ফিজিক্যাল ফিটনেসের পর দু’দলে ভাগ করে দীর্ঘক্ষণ ম্যাচ সিচুয়েশনের মহড়া সারলেন বাগান ফুটবলাররা। মূলত আক্রমণ ভাগের সঙ্গে রক্ষণের ফুটবলারদের খেলালেন স্প্যানিশ কোচ সের্গিও লোবেরা। মাঠে এলেও শারীরিক অসুস্থতার জন্য অনুশীলন করেননি জেমি ম্যাকলারেন। ১৪ ফেব্রুয়ারি কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করবে মোহন বাগান। তারই প্রস্তুতি চলছে জোর কদমে।

Advertisement

এদিকে, হোম ভেন্যু নিয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি ইস্ট বেঙ্গল। মঙ্গলবার সম্প্রচারকারী সংস্থার সঙ্গে বৈঠকে এই বিষয়ে আরও কিছুটা সময় চেয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। আসলে ইনভেস্টার চাইছে খরচ কমিয়ে কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করতে। তবে ক্লাব কর্তাদের তাতে সায় নেই। যুবভারতী ক্রীড়াঙ্গনেই ম্যাচ খেলার উদ্যোগ তাদের। সূত্রের খবর, শীর্ষকর্তা দেবব্রত সরকার মাঠ নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতে পারেন। সেখানেই সল্টলেক স্টেডিয়ামের খরচ কমানোর আবেদন জানাবেন তিনি। সবুজ সংকেত পেলে হোম ম্যাচ যুবভারতীতেই খেলবে মশাল বাহিনী। এদিকে, পুত্র সন্তানের বাবা হলেন ইস্ট বেঙ্গলের মিডিও মহম্মদ রশিদ। সন্তানের নাম রেখেছেন বাসিম, যা তাঁর বাবার নাম।

Advertisement
সম্পর্কিত সংবাদ