ইস্ট বেঙ্গল-০ : নাসাফ-৩
ইস্ট বেঙ্গল-০ : নাসাফ-৩
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তীরে এসেও ডুবল তরী। এশিয়ান উওমেন্স চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় ইস্ট বেঙ্গলের। রবিবার উহানের হ্যানকৌ কালচারাল ও স্পোর্টস সেন্টারে নয়া মাইলস্টোন স্পর্শ করার সুযোগ ছিল সিল্কি, সুলঞ্জনা রাউলদের সামনে। কোয়ার্টার ফাইনালে পৌঁছোতে দরকার ছিল স্রেফ ড্র। কিন্তু উজবেকিস্তানের নাসাফ এফসি’র বিরুদ্ধে ৩-০ গোলে বশ মানল অ্যান্থনি অ্যান্ড্রুজের দল। উল্লেখ্য, গ্রুপের প্রথম ম্যাচে ইরানের বাম খাতুনকে ৩-১ গোলে বশ মানায় লাল-হলুদের প্রমীলা বাহিনী। কিন্তু পরের দুটি ম্যাচেই হেরে স্বপ্নভঙ্গ হল। তিন ম্যাচে ইস্ট বেঙ্গলের সংগ্রহ তিন পয়েন্ট। গোলপার্থক্যেও অনেক পিছিয়ে তারা (-৩)। স্বভাবতই হতাশ কোচ অ্যান্ড্রুজ। তাঁর মন্তব্য, ‘এভাবে বিদায় নেওয়া দুঃখের। তবে এই টুর্নামেন্টের অভিজ্ঞতা ভবিষ্যতের পাথেয়। আরও শক্তিশালী হয়ে কামব্যাক করতে হবে।’
আগের ম্যাচে বাম খাতুনের কাছে হেরে বেশ চাপে ছিল নাসাফ। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকেই চাপ বাড়ায় তারা। ১৭ মিনিটে উজবেকিস্তানের দলটিকে লিড এনে দেন খাবিবুলেভা (১-০)। অফসাইডের দাবি গ্রাহ্য হয়নি। ভারের সাহায্য নিয়ে গোলের সিদ্ধান্ত নেন রেফারি। বিরতির পরেই ফের ধাক্কা দেয় নাসাফ। এক্ষেত্রে হেডে জাল কাঁপান জারিন (২-০)। সংযোজিত সময়ে তৃতীয় গোল সেই খাবিবুলেভার (৩-০)। অবশ্য ইস্ট বেঙ্গলের সামনেও গোল করার সুযোগ এসেছিল। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে জাল কাঁপাতে ব্যর্থ সৌম্যা গুগুলথ। ফলে আশা জাগিয়ে টুর্নামেন্ট শুরু করলেও খালি হাতে ফিরতে হচ্ছে লাল-হলুদ ব্রিগেডকে। ডিসেম্বরে স্যাফ ক্লাব চ্যাম্পিয়নশিপে প্রত্যাবর্তন ঘটাতে মরিয়া তারা।