নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আইএসএলে সাফল্যের চূড়ায় মোহন বাগান। ক্রমশই পিছচ্ছে ইস্ট বেঙ্গল। কেন এই হাল? কান পাতলেই শোনা যাচ্ছে, বাজেটের লড়াইয়ে অনেক পিছিয়ে ইমামি ইস্ট বেঙ্গল। কোণঠাসা লাল-হলুদ ব্রিগেড এবার গা ঝাড়া দিতে মরিয়া। সোমবার বাইপাসের ধারে লগ্নিকারী সংস্থার অফিসে দীর্ঘ বৈঠক সারেন টিম ম্যানেজমেন্টের কর্তারা। শীর্ষকর্তা দেবব্রত সরকারের মন্তব্য, ‘শক্তিশালী দল গড়তে কোনও কার্পণ্য করা হবে না। প্রয়োজনে বিদেশে প্রতিনিধি পাঠিয়েও বিদেশি নির্বাচন করতে চাই।’ লগ্নিকারী সংস্থার পক্ষে বিভাস আগরওয়ালের মন্তব্য, ‘এটুকু বলতে পারি দলে বেশ কিছু বদল আসবে। কোচ অস্কার ব্রুজোঁর পরামর্শেই বিদেশি ফুটবলার বেছে নেওয়া হচ্ছে। এছাড়া দলের ফিটনেস নিয়েও থিঙ্কট্যাঙ্ক সতর্ক।’ এদিনের বৈঠকে বড় চমক ঝুলন গোস্বামীর উপস্থিতি। ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক ইস্ট বেঙ্গলের কার্যকরী সমিতির সদস্য। ঝুলনের পরিবার কট্টর ইস্ট বেঙ্গল সমর্থক। সোমবার লগ্নিকারী সংস্থার কর্তাদের সঙ্গে ঝুলনও কথা বলেন। ব্যর্থতার কানাগলি থেকে সাফল্যের মিনারে চড়ার উপায়ও তিনি বাতলে দেন। পরে তাঁর মন্তব্য, ‘আলোচনা সদর্থক। ভালো দল গড়তে দক্ষ ফুটবলার দরকার। ম্যানেজমেন্ট চাইলে ক্লাবের যে কোনও সমস্যায় পাশে থাকব। লাল-হলুদ আমার পরিবার। তাই যে কোনও সমস্যার মোকাবিলায় আমি তৈরি।’



