নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ইন্ডিয়ান উওমেন্স লিগে শনিবার ফের মাঠে নামছে ইস্ট বেঙ্গল। সুলঞ্জনা, ফাজিলাদের প্রতিপক্ষ গাড়োয়াল ইউনাইটেড। প্রথম ম্যাচে সেতু এফসি’কে সৌম্যা গুগুলথের একমাত্র গোলে হারায় লাল-হলুদ প্রমীলা বাহিনী। তবে জিতলেও চেনা ছন্দে দেখা যায়নি অ্যান্টনি অ্যান্ড্রুজের দলকে। টিম ম্যানেজমেন্টের ধারণা, টানা খেলার ফলে ফুটবলাররা ক্লান্ত। স্যাফ চ্যাম্পিয়নশিপের পর বিশ্রামের সুযোগ মেলেনি। সেটাই ভাবাচ্ছে থিঙ্ক ট্যাঙ্ককে। তবে কোচ অ্যান্টনি কোনও অজুহাত দিতে নারাজ। তাঁর আশা, গাড়োয়ালের বিরুদ্ধে উজাড় করে দেবেন ফুটবলাররা। দলের সঙ্গে যোগ দিয়েছেন সঙ্গীতা বাসফোর। স্ট্রাইকার জ্যোতি চৌহানও আগের চেয়ে ফিট। পূর্ণশক্তির স্কোয়াড নিয়েই তিন পয়েন্টের জন্য ঝাঁপাতে তৈরি মশাল গার্লস।



